ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩

মালয়েশিয়ায় কর্মী পাঠাতে অভিবাসন ব্যয় সর্বোচ্চ ১ লাখ ৫৪ হাজার টাকা

মালয়েশিয়ায় কর্মী পাঠাতে অভিবাসন ব্যয় সর্বোচ্চ ১ লাখ ৫৪ হাজার টাকা

বেসরকারি ব্যবস্থাপনায় মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ক্ষেত্রে সর্বোচ্চ অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাকা নির্ধারণ করেছে সরকার। নির্ধারিত অঙ্কের বেশি অর্থ আদায় করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে রাজধানীর প্রবাসী কল্যাণ ভবনে সাংবাদিকদের এ তথ্য জানান প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী। তিনি বলেন, আগামী সপ্তাহের মধ্যে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর জন্য অনুমোদিত মেডিকেল সেন্টারগুলোর চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে।

এদিকে সরকারি রিক্রুটিং প্রতিষ্ঠান বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল) সম্পূর্ণ বিনা খরচে মালয়েশিয়ায় ১০ হাজার কর্মী পাঠানোর উদ্যোগ নিয়েছে। এর অংশ হিসেবে দেশটির ডিএইচএল সাপ্লাই চেইন কোম্পানিতে প্রাথমিকভাবে ১১২ জন কর্মী নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে।

মালয়েশিয়ায় যাওয়ার পর কোনো কর্মী কাজ না পেলে সংশ্লিষ্ট রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করেন মন্ত্রী।

সংশ্লিষ্টদের মতে, সরকারি ব্যবস্থাপনায় বিনা খরচে কর্মী পাঠানো এবং বেসরকারি পর্যায়ে অভিবাসন ব্যয় নির্ধারণের ফলে কর্মীদের অতিরিক্ত খরচ ও ভোগান্তি কমতে পারে।