মূল্যস্ফীতির চাপে থাকা পোশাকশ্রমিকদের জন্য ৩০ টাকা কেজি দরে চাল বিক্রির বিশেষ কর্মসূচি চালু করতে যাচ্ছে সরকার। এ কর্মসূচিতে একজন শ্রমিক মাসে সর্বোচ্চ ১০ কেজি চাল কিনতে পারবেন। চলতি মাসেই এ কার্যক্রম শুরু হওয়ার কথা রয়েছে।
খাদ্য মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন, আগামী ২০ নভেম্বর থেকে চাল বিক্রি শুরু হতে পারে। প্রাথমিকভাবে ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামে কর্মসূচি চালুর পরিকল্পনা করা হয়েছে।
শুক্রবার পোশাকশিল্পের সাপ্তাহিক ছুটির দিনে ৭৫টি ট্রাকে চাল বিক্রি করা হবে। কারখানা থেকে দেওয়া পরিচয়পত্র দেখিয়ে শ্রমিকেরা চাল কিনতে পারবেন।
কর্মসূচি বাস্তবায়নে অতিরিক্ত অর্থ বরাদ্দ চেয়ে বুধবার অর্থ মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়েছে খাদ্য মন্ত্রণালয়। এতে শ্রমিকদের খাদ্য ব্যয় কমানো এবং সাশ্রয়ী দামে চাল কেনার সুযোগ দেওয়ার কথা বলা হয়েছে।
খাদ্য অধিদপ্তর কর্মসূচির স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করবে। সরকারি গুদামে পর্যাপ্ত মজুত থাকায় সেখান থেকেই চাল সরবরাহের পরিকল্পনা রয়েছে।
