কার্লোস তেভেজের বিদায়ী ম্যাচে লিওনেল মেসির খেলা নিশ্চিত হয়েছে। তবে ক্রিস্টিয়ানো রোনালদো থাকবেন কি না, তা এখনো জানা যায়নি। আগামী ২০ ডিসেম্বর বোকা জুনিয়র্সের লা বোমবোনেরা স্টেডিয়ামে হবে ‘দ্য লাস্ট ড্যান্স’ নামের ম্যাচটি।
আয়োজকেরা সামাজিক যোগাযোগমাধ্যমে মেসির উপস্থিতির খবর জানিয়েছেন। রোনালদোকে আমন্ত্রণ জানানোর ইচ্ছা প্রকাশ করেছেন তেভেজ। টিওয়াইসি স্পোর্টসকে তিনি বলেন, কল্পনায় দেখছেন—রোনালদো ও মেসি একসঙ্গে খেলছেন।
তেভেজের সঙ্গে মেসি আর্জেন্টিনা দলে এবং রোনালদো ম্যানচেস্টার ইউনাইটেডে সতীর্থ ছিলেন। রোনালদো খেললে এই প্রথম তাঁকে মেসির সঙ্গে একই দলে দেখা যেতে পারে।
তেভেজের বিদায়ী ম্যাচে হুয়ান রোমান রিকেলমে, হুয়ান মার্টিন দেল পাত্রো, গ্যাব্রিয়েল বাতিস্তুতা, মার্টিন পালার্মো, সের্হিও আগুয়েরো, জিয়ানলুইজি বুফন, আরতুরো ভিদাল, প্যাট্রিক এভরা ও রিও ফার্ডিনান্ডের খেলা নিশ্চিত হয়েছে।
আর্জেন্টিনার হয়ে ৭৬ ম্যাচে ১৩ গোল করেছেন তেভেজ। ২০২২ সালে অবসরের পর কোচিংয়ে নামেন তিনি। এবার বোকা সমর্থকদের সামনে আনুষ্ঠানিকভাবে বিদায় নেবেন। ১৮ ডিসেম্বর অতিথিদের নিজের এলাকায় ফুটবল খেলতে নিয়ে যাবেন। পরদিন তাঁদের জন্য আর্জেন্টিনার ঐতিহ্যবাহী আয়োজন থাকছে।
