ঢাকা, বাংলাদেশ   শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩

নতুন করে ফ্যাসিবাদী শাসন মেনে নেবে না জনগণ: সেলিম উদ্দিন

নতুন করে ফ্যাসিবাদী শাসন মেনে নেবে না জনগণ: সেলিম উদ্দিন

জনগণ নতুন করে ফ্যাসিবাদী শাসনব্যবস্থা মেনে নেবে না বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর নেতা মোহাম্মদ সেলিম উদ্দিন। শুক্রবার ঢাকায় এক সমাবেশে তিনি বলেন, দেশের আইন, কর্তৃত্ব, সংবিধান ও সার্বভৌমত্বের প্রতি চ্যালেঞ্জ মোকাবিলায় বিরোধী দল হিসেবে জামায়াত দায়িত্ব পালন করবে।

ঢাকা মহানগরী উত্তরের আমীর ও জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য সেলিম উদ্দিন রাজধানীর মিরপুর উত্তর থানা দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন। সমাবেশে সভাপতিত্ব করেন থানা জামায়াতের আমীর মনিরুল ইসলাম মৃধা।

সেলিম উদ্দিন বলেন, জুলাইয়ের শহীদরা মানুষের মুক্তি ও ইনসাফ প্রতিষ্ঠার জন্য জীবন বাজি রেখে লড়াই করেছেন। ইনসাফ প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত দেশের সংকট ও সংগ্রামে জামায়াত নেতৃত্ব দেবে।

তিনি দুর্নীতি, ঘুষ, অবিচার ও সন্ত্রাসমুক্ত মানবিক বাংলাদেশ গড়তে জনসচেতনতা তৈরির আহ্বান জানান। নগরীর নিরাপত্তা সংকট মোকাবিলায় মানুষের পাশে দাঁড়াতে এবং জনগণের সহযোগিতা নিয়ে দায়িত্বশীলদের কাজ করার কথাও বলেন।

আগামী ১৮ ডিসেম্বর মিরপুর উত্তর থানায় নাগরিক সমাবেশ হবে জানিয়ে তিনি ঘরে ঘরে যোগাযোগ বাড়ানোর নির্দেশ দেন। জামায়াতের মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের শুভেচ্ছা পৌঁছে দেওয়ার কথাও বলেন। দলটির প্রচার ও মিডিয়া সম্পাদক মো. আতাউর রহমান সরকার এ তথ্য জানান।