সৌদি আরবের জাজান শহরের তেল শোধনাগারে আকাশপথে ছোড়া ক্ষেপণাস্ত্র বা গোলার আঘাতে নেপালের এক কর্মী নিহত হয়েছেন। আহত হয়েছেন বিভিন্ন দেশের কয়েকজন নাগরিক। বৃহস্পতিবার দেশটির জ্বালানি মন্ত্রণালয় এ তথ্য জানায়।
লোহিত সাগরের উপকূলের শোধনাগারটিতে হামলার পর আগুন ধরে যায়। সাময়িকভাবে কিছু কার্যক্রম বন্ধ রাখতে হয়। হামলাকারীদের পরিচয় মন্ত্রণালয়ের বিবৃতিতে উল্লেখ করা হয়নি। তবে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের দাবি, ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীরা হামলাটি চালিয়েছে।
আহতদের চিকিৎসা দেওয়া হয়েছে। জরুরি উদ্ধারকর্মী ও প্রযুক্তি বিশেষজ্ঞরা ঘটনাস্থলে পৌঁছে ক্ষয়ক্ষতি পর্যালোচনা এবং স্থাপনাগুলোর নিরাপত্তা যাচাই শুরু করেছেন। জাজান শোধনাগারের দৈনিক চার লাখ ব্যারেল অপরিশোধিত তেল পরিশোধনের সক্ষমতা রয়েছে।
জোটের মুখপাত্র তুর্কি আল-মালিকি বলেন, বেসামরিক নাগরিক ও অবকাঠামোয় হামলার কঠোর সামরিক জবাব দেওয়া হবে। পরে তিনি দাবি করেন, শোধনাগারে হামলায় ব্যবহৃত হুথিদের একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণকেন্দ্র হোদেইদা প্রদেশে ধ্বংস করেছে জোটের বাহিনী।
হুথিরা তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি। এর আগের দিন তারা রাস তানুরা শোধনাগার এবং জেদ্দা ও জাজান বন্দরে হামলার দাবি করেছিল।
