পটুয়াখালীর গলাচিপায় দাখিল পরীক্ষার ফরম পূরণের সময় নেওয়া অতিরিক্ত টাকা পরীক্ষার্থীদের অভিভাবকদের ফেরত দিয়েছে বড় চত্রা দাখিল মাদরাসা কর্তৃপক্ষ। উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) অভিভাবকদের ডেকে এ টাকা ফেরত দেওয়া হয়।
দাখিল পরীক্ষার ফরম পূরণ ও সংশ্লিষ্ট ফি আদায়ের সময় বোর্ডের নির্ধারিত ফির বাইরে টাকা নেওয়ার অভিযোগ ওঠে। বিষয়টি উপজেলা প্রশাসনের নজরে এলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুজর মো. ইজাজুল হক মাদরাসা কর্তৃপক্ষকে অতিরিক্ত অর্থ ফেরত দেওয়ার নির্দেশ দেন।
মাদরাসার সুপার মাওলানা মো. ওলিউল ইসলাম বলেন, অতিরিক্ত ক্লাস করানোর জন্য কিছু শিক্ষার্থীর কাছ থেকে এক হাজার থেকে দেড় হাজার টাকা পর্যন্ত নেওয়া হয়েছিল। ইউএনওর নির্দেশ পাওয়ার পর ওই টাকা ফেরত দেওয়া হয়েছে।
ইউএনও আবুজর মো. ইজাজুল হক জানান, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের কাছ থেকে নির্ধারিত ফির অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ পাওয়া গেছে। এসব অভিযোগের পর সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে বাড়তি টাকা ফেরত দিতে বলা হয়। মাদরাসা কর্তৃপক্ষ নির্দেশটি কার্যকর করেছে।
