বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ জয়ের পর দক্ষিণ আফ্রিকার ড্রেসিংরুমে আলোচনায় এসেছে ক্রিকেটারদের বাবা হওয়ার অভিজ্ঞতা। অলরাউন্ডার উইয়ান মুল্ডারের মতে, সন্তানদের সঙ্গে সময় কাটালে মাঠের ব্যর্থতা নিয়ে দুশ্চিন্তা কমে। এতে চাপ সামলে খেলায় মনোযোগ দেওয়াও সহজ হয়।
দুই টেস্টের সিরিজে দক্ষিণ আফ্রিকা জিতেছে ২–০ ব্যবধানে। সেঞ্চুরিয়নে দ্বিতীয় টেস্টে ইনিংস ও ২১৯ রানের জয়ের পর মুল্ডার বলেন, ক্রিকেটাররা কখনো কখনো খেলাকে অতিরিক্ত গুরুত্ব দিয়ে ফেলেন। খারাপ পারফরম্যান্সে নিজের সামর্থ্য নিয়েও সন্দেহ তৈরি হয়।
তবে বাড়ি ফিরে সন্তানদের কাছে বাবার রান বা উইকেট মুখ্য নয়; তারা চায় বাবার সময় ও উপস্থিতি। মুল্ডারের ভাষায়, সন্তানরা দিন ভালো না খারাপ গেছে, তা নিয়ে ভাবে না।
দক্ষিণ আফ্রিকার কোচ শুকরি কনরাডও মনে করেন, বাবা হওয়ার অভিজ্ঞতা ক্রিকেটারদের পরিণত করে। জীবনের বাস্তব চাপ সামলাতে শেখায়, যা মাঠের চাপ মোকাবিলাতেও কাজে লাগে।
২০২৪ সালের আগস্টের পর থেকে দক্ষিণ আফ্রিকা ১৯ টেস্টের ১৭টিতে জিতেছে। মুল্ডার বলেন, দলের সাফল্যে ক্রিকেটীয় দক্ষতার পাশাপাশি দলীয় পরিবেশ ও বাইরের কোলাহল থেকে দূরে থাকার চেষ্টাও ভূমিকা রাখছে।
