ব্যাট হাতে ছক্কার বৃষ্টি ঝরিয়ে টি-টোয়েন্টি ক্রিকেটে নতুন ইতিহাস গড়লেন ভারতীয় ওপেনার প্রিয়াংশু আর্য। সৈয়দ মুশতাক আলী ট্রফিতে তামিলনাড়ুর বিপক্ষে মাত্র ৬৮ বলে ১৮১ রানের বিস্ফোরক ইনিংস খেলেছেন এই ব্যাটসম্যান।
মঙ্গলবার ইন্দোরে দিল্লির হয়ে ৭ চার ও ১৯ ছক্কায় ইনিংসটি সাজান প্রিয়াংশু। শুধু বাউন্ডারি থেকেই সংগ্রহ করেন ১৪২ রান। পাওয়ারপ্লেতে হাঁকান ৮ ছক্কা। মাত্র ১৮ বলে ফিফটি ও ৩৬ বলে সেঞ্চুরি পূর্ণ করেন তিনি।
এই ইনিংসের মাধ্যমে ক্রিস গেইলের অপরাজিত ১৭৫ রানের রেকর্ড ছাড়িয়ে স্বীকৃত পুরুষদের টি-টোয়েন্টিতে দ্বিতীয় সর্বোচ্চ ব্যক্তিগত রানের মালিক হয়েছেন প্রিয়াংশু। একই সঙ্গে ভারতীয় ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ ব্যক্তিগত রানের রেকর্ড গড়েছেন তিনি।
এক ইনিংসে ১৯ ছক্কা হাঁকিয়ে নিউজিল্যান্ডের ফিন অ্যালেনের বিশ্ব রেকর্ডও স্পর্শ করেছেন ২৫ বছর বয়সী এই ওপেনার। তাঁর দুর্দান্ত ব্যাটিংয়ে দিল্লি ৫ উইকেটে ২৭৫ রান তোলে।
