জাতীয় দলকে বিদায় জানালেও ক্লাব ফুটবলে গোলের প্রতিযোগিতা অব্যাহত রেখেছেন লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারের শেষ অধ্যায়ে দুই কিংবদন্তির সামনে এখন হাজার গোলের ঐতিহাসিক মাইলফলক। তবে এই দৌড়ে বেশ এগিয়ে রয়েছেন পর্তুগিজ তারকা।
ক্লাব ও জাতীয় দল মিলিয়ে ১৩৪৪ ম্যাচে রোনালদোর গোল ৯৮৬টি। অন্যদিকে ১১৮৫ ম্যাচে মেসির গোল ৯৩৭টি। হাজার গোল পূরণে রোনালদোর প্রয়োজন ১৪টি, মেসির ৬৩টি।
চলতি বছরে আল নাসরের আরও সাতটি ম্যাচ রয়েছে। এ বছরই মাইলফলক ছুঁতে হলে রোনালদোকে ম্যাচপ্রতি গড়ে দুটি গোল করতে হবে। বর্তমান ফর্ম ধরে রাখতে পারলে ২০২৭ সালের জানুয়ারি কিংবা ফেব্রুয়ারিতে হাজার গোলের দেখা পেতে পারেন তিনি।
অন্যদিকে ক্যারিয়ারে মৌসুমপ্রতি গড়ে প্রায় ৪০ গোল করেছেন মেসি। সেই হিসাবে ২০২৮ সালের জুনে হাজার গোল পূর্ণ করতে পারেন আর্জেন্টাইন কিংবদন্তি।
চলতি বছরে রোনালদো ৪৩ ম্যাচে ২৯ গোল করেছেন। মেসি ৪৯ ম্যাচে করেছেন ৪১ গোল। তবে দুজনের মাইলফলক ছোঁয়ার সময় নির্ভর করবে ফর্ম ও ফিটনেসের ওপর।
