বেলজিয়ান গোলরক্ষক থিবো কোর্তোয়ার ওপর আস্থা রেখে তাঁর সঙ্গে চুক্তির মেয়াদ বাড়িয়েছে রিয়াল মাদ্রিদ। নতুন চুক্তি অনুযায়ী ২০২৮ সালের ৩০ জুন পর্যন্ত স্প্যানিশ ক্লাবটিতে থাকবেন তিনি।
চুক্তি নবায়নের বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে রিয়াল মাদ্রিদ। ২০১৮ সালে ক্লাবটিতে যোগ দেওয়ার পর থেকে দলের গুরুত্বপূর্ণ সদস্য হয়ে উঠেছেন কোর্তোয়া।
এ পর্যন্ত রিয়ালের হয়ে ৩৪৮ ম্যাচ খেলেছেন এই গোলরক্ষক। তাঁর সময়ে ক্লাবটি দুটি চ্যাম্পিয়নস লিগসহ মোট ১৪টি শিরোপা জিতেছে।
২০২২ সালের চ্যাম্পিয়নস লিগ ফাইনালে লিভারপুলের বিপক্ষে অসাধারণ পারফরম্যান্স করে ম্যাচসেরা হয়েছিলেন কোর্তোয়া।
ব্যক্তিগত অর্জনের মধ্যে রয়েছে ২০১৮ বিশ্বকাপের গোল্ডেন গ্লাভস, ফিফার বর্ষসেরা গোলরক্ষকের পুরস্কার এবং ২০২২ সালের ইয়াশিন ট্রফি।
বেলজিয়াম জাতীয় দলের হয়ে ১১৫ ম্যাচ খেলা কোর্তোয়ার চুক্তি নবায়নের মধ্য দিয়ে তাঁর ভবিষ্যৎ নিয়ে চলা অনিশ্চয়তার অবসান ঘটল।
