কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনের সংসদ সদস্য ওসমান ফারুকের পদত্যাগের পর উপনির্বাচনে বিএনপির মনোনয়ন পেতে তৎপর হয়ে উঠেছেন দলটির পাঁচ নেতা। কেউ সভা-সমাবেশ করছেন, কেউ দলের জ্যেষ্ঠ নেতাদের কাছে জীবনবৃত্তান্ত জমা দিচ্ছেন। সামাজিক যোগাযোগমাধ্যমেও চলছে প্রচার।
মনোনয়নপ্রত্যাশীরা হলেন সাবেক উপজেলা চেয়ারম্যান সাইফুল ইসলাম, জেলা বিএনপির সাবেক সহসভাপতি জাহাঙ্গীর আলম মোল্লা ও জালাল মোহাম্মদ গাউস, চিকিৎসক মো. এরশাদ আহসান এবং তাড়াইল উপজেলা বিএনপির সভাপতি মো. সারওয়ার হোসেন।
গত ১৭ নভেম্বর অসুস্থতার কারণ দেখিয়ে পদত্যাগ করেন ওসমান ফারুক। এরপর থেকেই আসনটিতে সম্ভাব্য প্রার্থী নিয়ে আলোচনা শুরু হয়েছে। বিএনপির পাশাপাশি জামায়াতে ইসলামী ও স্বতন্ত্র প্রার্থীদের মধ্যেও তৎপরতা দেখা যাচ্ছে।
