ঢাকা, বাংলাদেশ   সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ভুয়া ভিসা তৈরির কারখানার সন্ধান, ১৭ পাসপোর্টসহ গ্রেপ্তার ১

চট্টগ্রামে ভুয়া ভিসা তৈরির কারখানার সন্ধান, ১৭ পাসপোর্টসহ গ্রেপ্তার ১

চট্টগ্রাম নগরীর একটি মার্কেটের পঞ্চম তলায় গোপনে চলছিল ভুয়া ভিসা তৈরির কার্যক্রম। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সেই কারখানার সন্ধান পেয়েছে পুলিশ। এ সময় ১৭টি বাংলাদেশি পাসপোর্ট, জাল ভিসা ও ভিসা তৈরির বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে এই চক্রের সঙ্গে জড়িত সন্দেহে এক ব্যক্তিকে।

রোববার (২২ নভেম্বর) সকালে নগরীর টেরিবাজার এলাকার কাটাপাহাড়ে অবস্থিত বদরুদ্দিন মার্কেটের পঞ্চম তলার একটি কক্ষে অভিযান চালিয়ে এসব উদ্ধার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তির নাম আবদুল মাবুদ (৫৩)। তিনি দীর্ঘদিন ধরে ভুয়া ভিসা তৈরির সঙ্গে জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল কবির জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল বদরুদ্দিন মার্কেটের একটি কক্ষে অভিযান পরিচালনা করে। সেখানে ভুয়া ভিসা তৈরির কার্যক্রমের সন্ধান পাওয়া যায়।

অভিযানকালে ঘটনাস্থল থেকে ১৭টি বাংলাদেশি পাসপোর্ট, বিভিন্ন দেশের জাল ভিসা এবং ভিসা তৈরিতে ব্যবহৃত সরঞ্জাম জব্দ করা হয়। একই সঙ্গে আবদুল মাবুদকে গ্রেপ্তার করে পুলিশ।

পুলিশ জানায়, গ্রেপ্তার আবদুল মাবুদ এর আগেও প্রতারণার অভিযোগে দায়ের করা একটি মামলার আসামি। গত ৫ ফেব্রুয়ারি ঢাকা বিমানবন্দর থানায় দায়ের করা ওই মামলায় তিনি পলাতক ছিলেন।

এ ঘটনায় কোতোয়ালি থানায় নতুন একটি মামলা দায়ের করা হয়েছে। ভুয়া ভিসা তৈরির কার্যক্রমের সঙ্গে অন্য কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।