ঢাকা, বাংলাদেশ   সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

একসঙ্গে দুটি ক্ষেপণাস্ত্র ছুড়তে সক্ষম নতুন উৎক্ষেপণব্যবস্থা দেখাল ইরান

একসঙ্গে দুটি ক্ষেপণাস্ত্র ছুড়তে সক্ষম নতুন উৎক্ষেপণব্যবস্থা দেখাল ইরান

সামরিক সক্ষমতা বাড়ানোর অংশ হিসেবে নতুন ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণব্যবস্থা উন্মোচন করেছে ইরান। দেশটির ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) দাবি, নতুন এই ব্যবস্থার মাধ্যমে একসঙ্গে দুটি তরল জ্বালানিচালিত ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা সম্ভব। এ ছাড়া ক্ষেপণাস্ত্রের গতি নিয়ন্ত্রণ ও শত্রুপক্ষের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা এড়িয়ে যাওয়ার সক্ষমতাও এতে রয়েছে।

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রতি দেশটির একটি ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র স্থাপনার ভিডিও প্রচার করা হয়। ওই ভিডিওতে আইআরজিসির নতুন উৎক্ষেপণব্যবস্থা দেখানো হয়েছে। বাহিনীটির দাবি, আগের ব্যবস্থার তুলনায় এটি আরও উন্নত এবং একই সঙ্গে দুটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণে সক্ষম।

নতুন ব্যবস্থাটি ইরানের আগে ব্যবহৃত দ্বৈত উৎক্ষেপণব্যবস্থার চেয়ে আলাদা। আগের ব্যবস্থায় একসঙ্গে দুটি কঠিন জ্বালানিচালিত ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হতো। নতুন ব্যবস্থায় ব্যবহার করা হয়েছে তরল জ্বালানিচালিত ক্ষেপণাস্ত্র।

তরল জ্বালানিচালিত ক্ষেপণাস্ত্রের অন্যতম সুবিধা হলো, এর গতি ও গতিপথ তুলনামূলকভাবে নিয়ন্ত্রণ করার সুযোগ থাকে। ফলে পরিচালনাকারীরা প্রয়োজন অনুযায়ী ক্ষেপণাস্ত্রের গতিপথে পরিবর্তন আনতে পারেন।

আইআরজিসির অ্যারোস্পেস ফোর্সের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মাজিদ মুসাভি দাবি করেছেন, ইরানের সামরিক সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। তিনি বলেন, ‘আমরা আমাদের যুদ্ধকৌশলের কাঠামোয় অপ্রত্যাশিত চমক এবং অত্যন্ত কার্যকর সক্ষমতা যুক্ত করেছি।’

ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবির প্রতিবেদনে বলা হয়েছে, নতুন ক্ষেপণাস্ত্রগুলো উল্লম্বভাবে উৎক্ষেপণ করা হয়। এগুলোর গতি নিয়ন্ত্রণের সক্ষমতা থাকায় শত্রুপক্ষের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা এড়িয়ে লক্ষ্যবস্তুতে আঘাত হানার ক্ষেত্রে সুবিধা পাওয়া যেতে পারে।

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের দাবি, নতুন প্রজন্মের ক্ষেপণাস্ত্রের পাল্লা ও লক্ষ্যভেদে নির্ভুলতা বেড়েছে। পাশাপাশি যুক্তরাষ্ট্রের গ্লোবাল পজিশনিং সিস্টেমের (জিপিএস) ওপর নির্ভর না করেও এগুলোর পথনির্দেশনা পাওয়ার সক্ষমতা উন্নত হয়েছে।

এদিকে গত শনিবার আইআরজিসির অ্যারোস্পেস ফোর্সের নতুন একটি ভূগর্ভস্থ স্থাপনা পরিদর্শন করেন বাহিনীটির কমান্ডার মেজর জেনারেল আহমদ ওয়াহিদি। এ সময় প্রচারিত ভিডিওতে কয়েক কিলোমিটার দীর্ঘ সুড়ঙ্গের ভেতর শত শত ক্ষেপণাস্ত্র ও উৎক্ষেপণযান দেখা যায়।

তবে ভিডিওটি ঠিক কবে ধারণ করা হয়েছে, সে বিষয়ে স্পষ্ট কোনো তথ্য প্রকাশ করা হয়নি।

সূত্র: আল–জাজিরা