ঢাকা, বাংলাদেশ   সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশ সিরিজে দক্ষিণ আফ্রিকার দলে বড় পরিবর্তন, নেই একাধিক তারকা

বাংলাদেশ সিরিজে দক্ষিণ আফ্রিকার দলে বড় পরিবর্তন, নেই একাধিক তারকা

বাংলাদেশের বিপক্ষে আসন্ন ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের জন্য একাধিক নিয়মিত ক্রিকেটারকে বিশ্রাম দিয়ে দল ঘোষণা করেছে দক্ষিণ আফ্রিকা। ওয়ানডেতে নেতৃত্ব দেবেন কেশব মহারাজ, আর টি-টোয়েন্টিতে অধিনায়ক হয়েছেন বিয়ন ফরটুইন।

চোটের কারণে নেই নিয়মিত অধিনায়ক টেম্বা বাভুমা। বিশ্রাম পেয়েছেন এইডেন মার্করাম, কাগিসো রাবাদা, মার্কো ইয়ানসেন, রায়ান রিকেলটন ও ম্যাথু ব্রিটস্কি।

ইংল্যান্ডের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজ বিবেচনায় ক্রিকেটারদের কাজের চাপ কমাতে এ সিদ্ধান্ত নিয়েছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা।

ওয়ানডে দলে ফিরেছেন চোট কাটিয়ে ওঠা পেসার লুঙ্গি এনগিডি। ব্যাটিংয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব থাকবে কুইন্টন ডি কক, ট্রিস্টান স্টাবস ও লুয়ান-ড্রে প্রিটোরিয়াসের ওপর।

টেস্ট দল থেকে ওয়ানডেতে জায়গা পেয়েছেন আনরিখ নরকিয়া, কর্বিন বশ ও টনি ডি জর্জি।

তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হবে ১ ডিসেম্বর। পরের দুটি ম্যাচ ৪ ও ৭ ডিসেম্বর। টি-টোয়েন্টি সিরিজের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ১০, ১২ ও ১৩ ডিসেম্বর।

দুই সংস্করণেই নতুন নেতৃত্ব ও পরিবর্তিত দল নিয়ে বাংলাদেশের মুখোমুখি হবে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা।