এক বছর আগে আইপিএলের নিলামে ৯ কোটি ২০ লাখ রুপিতে দল পেয়েও শেষ পর্যন্ত খেলার সুযোগ হয়নি মোস্তাফিজুর রহমানের। এবার আবারও আইপিএলে ফেরার অপেক্ষায় রয়েছেন বাংলাদেশের এই বাঁহাতি পেসার। তাঁর সঙ্গে ২০২৭ আসরের মিনি নিলামের জন্য নাম নিবন্ধন করেছেন আরও ছয় বাংলাদেশি ক্রিকেটার।
আগামী ১৬ ডিসেম্বর গোয়ায় বসবে আইপিএলের মিনি নিলাম। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদন অনুযায়ী, মোস্তাফিজ ছাড়াও নিলামে নাম লিখিয়েছেন নাহিদ রানা, হাসান মাহমুদ, শরীফুল ইসলাম, তাসকিন আহমেদ, রিশাদ হোসেন ও তাওহীদ হৃদয়।
বিসিবির এক কর্মকর্তা জানিয়েছেন, আইপিএল কর্তৃপক্ষ আগ্রহী ক্রিকেটারদের নাম চেয়ে ইমেইল পাঠিয়েছিল। বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগ তালিকা পাঠানোর পর নিবন্ধনের বাকি প্রক্রিয়া ক্রিকেটাররা নিজেরাই সম্পন্ন করেছেন। নাম নিবন্ধনের শেষ দিন ১৭ নভেম্বর। চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে ৩ ডিসেম্বর।
গত বছরের মিনি নিলামে মোস্তাফিজকে নিয়ে চেন্নাই সুপার কিংস ও দিল্লি ক্যাপিটালসের মধ্যে লড়াইয়ের পর ৯ কোটি ২০ লাখ রুপিতে তাঁকে দলে নেয় কলকাতা নাইট রাইডার্স। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ ছিল প্রায় ১২ কোটি ৩৫ লাখ টাকা। ২ কোটি রুপি ভিত্তিমূল্যের মোস্তাফিজ আইপিএলের ইতিহাসে সবচেয়ে বেশি দামে বিক্রি হওয়া বাংলাদেশি ক্রিকেটার হন।
তবে চলতি বছরের জানুয়ারিতে বিসিসিআইয়ের নির্দেশে মোস্তাফিজকে ছেড়ে দেয় কলকাতা। রাজনৈতিক প্রেক্ষাপটের কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়েছিল। এর পর নিরাপত্তার উদ্বেগ দেখিয়ে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতে দল না পাঠানোর সিদ্ধান্ত নেয় বিসিবি। বাংলাদেশের ম্যাচ শ্রীলঙ্কায় সরানোর আবেদন আইসিসি নাকচ করলে শেষ পর্যন্ত বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার করে নেয় বাংলাদেশ।
আইপিএলে ২০১৬ থেকে ২০২৫ সাল পর্যন্ত আটটি আসরে খেলেছেন মোস্তাফিজ। ৬০ ম্যাচে তাঁর শিকার ৬৫ উইকেট, ইকোনমি রেট ৮.১৩। রাজস্থান রয়্যালস, সানরাইজার্স হায়দরাবাদ, চেন্নাই সুপার কিংস, দিল্লি ক্যাপিটালস ও মুম্বাই ইন্ডিয়ানসের হয়ে খেলেছেন তিনি। প্রথম আসরেই জিতেছিলেন সেরা উদীয়মান খেলোয়াড়ের পুরস্কার।
বাংলাদেশিদের মধ্যে আইপিএলে সবচেয়ে বেশি নয়টি আসর খেলেছেন সাকিব আল হাসান। এ ছাড়া আব্দুর রাজ্জাক, মাশরাফি বিন মুর্তজা, মোহাম্মদ আশরাফুল, তামিম ইকবাল ও লিটন দাসও আইপিএলে খেলেছেন।
এবার নিলামে থাকা অন্য বাংলাদেশিদের সাম্প্রতিক পারফরম্যান্সও আশাব্যঞ্জক। ২০২৬ পিএসএলে পেশোয়ার জালমির হয়ে পাঁচ ম্যাচে ৫.৪৪ ইকোনমি রেটে ৯ উইকেট নিয়েছেন নাহিদ রানা। একই দলের হয়ে ভালো বোলিং করেছেন শরীফুল ইসলাম। ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেটে কেন্টের হয়ে খেলেছেন হাসান মাহমুদ। তাসকিন আহমেদের অভিজ্ঞতা রয়েছে লঙ্কা প্রিমিয়ার লিগে। রিশাদ হোসেন খেলেছেন বিগ ব্যাশ ও পিএসএলে। আর তাওহীদ হৃদয় সম্প্রতি টেস্টে ২৪২ রানের ইনিংস খেলে বাংলাদেশের ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসের রেকর্ড গড়েছেন।
আইপিএলের পাশাপাশি বিগ ব্যাশ ও আইএল টি-টোয়েন্টিতে খেলার জন্যও ছাড়পত্র চেয়েছেন মোস্তাফিজ।
