ঢাকা, বাংলাদেশ   শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩

মালিকানা বিরোধে চাঁপাইনবাবগঞ্জের ম্যাক্স হাসপাতালে উত্তেজনা, চিকিৎসকের চেম্বার বন্ধ

মালিকানা বিরোধে চাঁপাইনবাবগঞ্জের ম্যাক্স হাসপাতালে উত্তেজনা, চিকিৎসকের চেম্বার বন্ধ

মালিকানা নিয়ে বিরোধের জেরে চাঁপাইনবাবগঞ্জের ম্যাক্স হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে অর্থোপেডিক সার্জন ডা. ইসমাইল হোসেনের চেম্বার বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। হাসপাতাল দখলের আশঙ্কা এবং গঠনতন্ত্র লঙ্ঘন করে শেয়ার হস্তান্তরের অভিযোগে বৃহস্পতিবার (১২ নভেম্বর) তাঁকে চেম্বার বন্ধের নোটিশ দেওয়া হয়।

এর আগে বুধবার (১১ নভেম্বর) সদর উপজেলা বিএনপির আহ্বায়ক ওবায়েদ পাঠান লোকজন নিয়ে হাসপাতালে গিয়ে মালিকানা দাবি করেন। এ ঘটনাকে কেন্দ্র করে হাসপাতাল এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

এদিকে সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গ ও সংগঠনবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে বৃহস্পতিবার ডা. ইসমাইল হোসেনকে ন্যাশনাল ডক্টরস ফোরামের (এনডিএফ) জেলা শাখার সহসভাপতির পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। সংগঠনটির জেলা শাখার সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত নোটিশে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না, সে বিষয়ে সাত দিনের মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

তবে ডা. ইসমাইলের দাবি, ব্যক্তিগত আক্রোশ থেকে তাঁর চেম্বার বন্ধ করা হয়েছে। অন্যদিকে ওবায়েদ পাঠান বলেছেন, হাসপাতাল দখল নয়, বৈধ মালিকানা থাকায় অনিয়ম-দুর্নীতি বন্ধের উদ্দেশ্যে তিনি সেখানে গিয়েছিলেন। হাসপাতাল কর্তৃপক্ষ অবশ্য তাঁর মালিকানা দাবি করে প্রবেশকে অনধিকার ও অবৈধ বলে অভিযোগ করেছে।

হাসপাতালের চেয়ারম্যান ডা. আল মামুন জানান, প্রতিষ্ঠানের গঠনতন্ত্র অনুযায়ী কর্তৃপক্ষের অনুমতি ছাড়া বাইরের কারও কাছে শেয়ার বিক্রি বা মালিকানা হস্তান্তরের সুযোগ নেই। কয়েকজন শেয়ারহোল্ডার নিয়ম মেনে শেয়ার হস্তান্তর করলেও ডা. ইসমাইল কর্তৃপক্ষকে না জানিয়ে রবি নামের এক ব্যক্তির কাছে শেয়ার হস্তান্তর করেন। পরে ওই ব্যক্তি ওবায়েদ পাঠানের কাছে শেয়ার বিক্রি করেছেন বলে দাবি করা হচ্ছে। তাঁর ভাষ্য, এই হস্তান্তর নিয়মবহির্ভূত।

ডা. আল মামুন আরও বলেন, বুধবার ১৫ থেকে ২০ জন লোক নিয়ে হাসপাতালে গিয়ে ওবায়েদ পাঠান হিসাব শাখায় মালিকানা দাবি করেন এবং শেয়ারহোল্ডারদের তালিকা ও হিসাব-নিকাশ চান। ডা. ইসমাইলের কাছ থেকে শেয়ার কেনার দাবি করে ওবায়েদ পাঠান ছাড়াও আরও ২০ থেকে ২৫ জন মালিকানা দাবি করছেন। এতে হাসপাতালে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বিরোধ নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ডা. ইসমাইলের চেম্বার বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

চেয়ারম্যানের দাবি, প্রায় এক মাস আগেও রবি ও তাঁর কয়েকজন সহযোগী হাসপাতালে এসে মালিকানা দাবি করেছিলেন। এ ঘটনায় সদর মডেল থানায় লিখিত অভিযোগের পর পুলিশ তদন্ত করে মামলা করেছে, যা বর্তমানে আদালতে বিচারাধীন। বুধবারের ঘটনার বিষয়েও আইনি ব্যবস্থা নেওয়া হবে।

অন্যদিকে ওবায়েদ পাঠান বলেন, তিনি সম্প্রতি রবি নামের এক ব্যক্তির কাছ থেকে হাসপাতালের শেয়ার কিনেছেন। হাসপাতালে অনিয়ম-দুর্নীতির মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগ পেয়ে তিনি সেখানে যান। তাঁর পরিকল্পনা, সব শেয়ারহোল্ডারকে নিয়ে সাধারণ সভা করে ব্যবস্থাপনা পরিচালক ও চেয়ারম্যান নির্বাচন করা। তাঁর দাবি, বৈধ মালিকানা থাকায় নিয়মতান্ত্রিকভাবেই হাসপাতালে গিয়েছিলেন; অথচ কোনো পূর্ব নোটিশ ছাড়াই ডা. ইসমাইলের চেম্বার বন্ধ করা হয়েছে।

ডা. ইসমাইল হোসেন বলেন, বর্তমানে হাসপাতালটিতে তাঁর কোনো শেয়ার নেই। অনেক আগেই তিনি শেয়ার হস্তান্তর করেছেন। যাঁর কাছে শেয়ার দিয়েছিলেন, তিনি পরে অন্য ব্যক্তির কাছে তা বিক্রি করেছেন। বর্তমানে যাঁর নামে শেয়ার রয়েছে, তিনিই এর মালিক। তাঁর অভিযোগ, ব্যক্তিগত আক্রোশ থেকেই চেম্বার বন্ধ করা হয়েছে। পাশাপাশি বর্তমান হাসপাতাল চেয়ারম্যানের বৈধতা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন আকন্দ জানান, এ বিষয়ে উভয় পক্ষ থানায় এসেছিল। তাদের সঙ্গে আলোচনা হয়েছে। তবে বৃহস্পতিবার রাত ১১টা পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, এর আগে অনুমতি ছাড়া ব্যবসায়িক অংশীদার ও শেয়ারহোল্ডার হওয়া, সরকারি হাসপাতালে দায়িত্ব পালনের সময়ে বেসরকারি ক্লিনিকে চিকিৎসাসেবা দেওয়া এবং অনুমতি ছাড়া কর্মস্থল ত্যাগের অভিযোগে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয় ডা. ইসমাইল হোসেনের বিরুদ্ধে বিভাগীয় মামলা করেছিল। ওই ঘটনার পর তিনি দ্রুত ক্লিনিকের শেয়ার বিক্রি করে দেন বলে জানা গেছে।