পটুয়াখালীর গলাচিপা উপজেলায় মালবাহী ট্রলারের ধাক্কায় একটি সেতু ভেঙে পড়েছে। এতে গজালিয়া ও ডাকুয়া ইউনিয়নের সংযোগস্থলে অবস্থিত সেতুটি দিয়ে চলাচল বন্ধ হয়ে গেছে। ফলে আশপাশের অন্তত ১০ গ্রামের আড়াই থেকে তিন হাজার মানুষ দুর্ভোগে পড়েছেন। প্রতিদিন নৌকায় খাল পার হয়ে অথবা ঘুরপথে গন্তব্যে যেতে হচ্ছে তাঁদের। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন শিক্ষার্থী, রোগী ও সাধারণ যাত্রীরা।
স্থানীয় সূত্রে জানা গেছে, গলাচিপা পৌরসভার গোডাউন থেকে চরকাজল ইউনিয়নের জন্য বরাদ্দ ১০ টাকা কেজি দরের ফেয়ার প্রাইস কর্মসূচির চাল নিয়ে একটি ট্রলার চরকাজলের শিবা এলাকার দিকে যাচ্ছিল। গজালিয়া খালের ওপর নির্মিত সেতুর নিচ দিয়ে যাওয়ার সময় চালকের অসাবধানতায় ট্রলারটি সেতুর স্টিলের কাঠামোয় সজোরে ধাক্কা দেয়। এতে সেতুর মাঝের দুটি পাট ভেঙে খালে পড়ে যায়। বড় দুর্ঘটনা এড়াতে তাৎক্ষণিকভাবে সেতু দিয়ে সব ধরনের চলাচল বন্ধ করে দেওয়া হয়।
সরেজমিনে দেখা গেছে, প্রায় ২৪০ ফুট দীর্ঘ পুরোনো স্লিপার আয়রন সেতুটির মাঝের অংশ ভেঙে ঝুলে রয়েছে। কোথাও লোহার কাঠামো বাঁকা হয়ে গেছে, আবার কোথাও ভাঙা পাটাতন পড়ে আছে খালের পানিতে। স্থানীয়দের তথ্যমতে, প্রতিদিন এই সেতু দিয়ে প্রায় ২৫০ থেকে ৩০০টি মোটরসাইকেল ও ইজিবাইক চলাচল করত। কলাগাছিয়া ইউনিয়নের অধিকাংশ বাসিন্দার পাশাপাশি গজালিয়া ইউনিয়নের চরচন্দ্রাইল, দক্ষিণ চরচন্দ্রাইল, ইছাদি, কাটাখালী ও হরিদেবপুরসহ আশপাশের প্রায় ১০ গ্রামের মানুষ এ পথ ব্যবহার করতেন।
সেতুটি ভেঙে যাওয়ায় গজালিয়া থেকে ডাকুয়া, কলাগাছিয়া ও উপজেলা সদরে যেতে হচ্ছে বিকল্প পথে। কেউ ঝুঁকি নিয়ে নৌকায় খাল পার হচ্ছেন, আবার কেউ ঘুরপথে অতিরিক্ত দূরত্ব পাড়ি দিচ্ছেন। এতে যাতায়াতের সময় ও খরচ দুটোই বেড়েছে। বিশেষ করে জরুরি প্রয়োজনে রোগীদের হাসপাতালে নেওয়া এবং শিক্ষার্থীদের শিক্ষাপ্রতিষ্ঠানে যাতায়াত নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
স্থানীয় বাসিন্দা ফকু মিয়া জানান, তাঁর মেয়ে গলাচিপা সরকারি কলেজে পড়াশোনা করেন। সেতু ভেঙে যাওয়ায় এখন মেয়েকে গজালিয়া বাজার থেকে ঠাকুর বাজার ঘুরে কলেজে যেতে হচ্ছে। এতে সময় ও খরচ দুটোই বাড়ছে। একই দুর্ভোগের কথা জানিয়েছেন কলেজছাত্র রোমান গাজীসহ অনেক শিক্ষার্থী ও অভিভাবক।
সাবেক ইউপি চেয়ারম্যান মো. জাহাঙ্গীর হোসেন বলেন, সেতুটি ভেঙে পড়ায় আশপাশের অন্তত ১০ গ্রামের মানুষের স্বাভাবিক চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। দ্রুত যোগাযোগব্যবস্থা স্বাভাবিক করা প্রয়োজন।
গজালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হাবিবুর রহমান বিশ্বাস জানান, ইউনিয়নের প্রায় ৮০ শতাংশ মানুষ এই সেতু দিয়ে যাতায়াত করতেন। তাঁদের মধ্যে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকসহ বিভিন্ন পেশার মানুষ রয়েছেন। সেতু ভেঙে পড়ায় সাধারণ মানুষ ব্যাপক দুর্ভোগে পড়েছেন।
স্থানীয়দের অভিযোগ, প্রায় ২৫ বছর আগে নির্মিত পুরোনো সেতুটি দীর্ঘদিন ধরেই ঝুঁকিপূর্ণ ছিল। বিভিন্ন সময়ে যানবাহনের ধাক্কায় এর কাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। ২০১৫ সালে ইটবোঝাই একটি ট্রলারের ধাক্কায় সেতুটি ক্ষতিগ্রস্ত হলে কাঠের পাটাতন বসিয়ে সাময়িকভাবে চলাচল স্বাভাবিক করা হয়েছিল। পরবর্তী সময়ে বিভিন্ন সময় সেতুর অংশবিশেষ ক্ষতিগ্রস্ত হলে স্থানীয়ভাবে মেরামত করা হয়।
দুর্ভোগ লাঘবে ২০২১-২২ অর্থবছরে পুরোনো সেতুর পাশে নতুন একটি সেতু নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এল
