ঢাকা, বাংলাদেশ   শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩

তৃতীয় নারীর সঙ্গেও ঘনিষ্ঠ সম্পর্কের অভিযোগ জেনসেন হুয়াংয়ের বিরুদ্ধে

তৃতীয় নারীর সঙ্গেও ঘনিষ্ঠ সম্পর্কের অভিযোগ জেনসেন হুয়াংয়ের বিরুদ্ধে

এনভিডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জেনসেন হুয়াংয়ের বিরুদ্ধে প্রতিষ্ঠানটির আরেক কর্মীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কে জড়ানোর অভিযোগ উঠেছে। নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এর আগে আরও দুই নারীর সঙ্গে তাঁর সম্পর্কের খবর প্রকাশিত হয়েছিল।

বুধবার (১১ নভেম্বর) নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে এনভিডিয়ার স্বাস্থ্যসেবা বিভাগের ভাইস প্রেসিডেন্ট কিম্বার্লি পাওয়েলের সঙ্গে হুয়াংয়ের সম্পর্কের অভিযোগ প্রকাশিত হয়। এর পরদিন রয়টার্সের প্রতিবেদনে তৃতীয় এক নারীর সঙ্গে তাঁর ঘনিষ্ঠ সম্পর্কের অভিযোগ সামনে আসে। তবে ওই নারীর পরিচয় প্রকাশ করেনি সংবাদমাধ্যমটি। এ বিষয়ে এনভিডিয়াও কোনো মন্তব্য করতে রাজি হয়নি।

এর আগে রোববার হুয়াং স্বীকার করেন, ডেটা সেন্টার কোম্পানি মেগাস্পিডের নির্বাহী অ্যালিস হুয়াংয়ের সঙ্গে সম্পর্কে জড়িয়ে তিনি স্ত্রী লরি হুয়াংয়ের প্রতি ‘অবিশ্বস্ত’ ছিলেন। মার্কিন কর্মকর্তাদের ধারণা, অ্যালিস হুয়াং চীনা সরকারের হয়ে কাজ করতে পারেন।

তবে জেনসেন হুয়াং কেবল অ্যালিস হুয়াংয়ের সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের বিষয়টি স্বীকার করেছেন। এনভিডিয়ার কর্মীদের সঙ্গে তাঁর কথিত সম্পর্কের অভিযোগগুলো নিশ্চিত করেননি। কিম্বার্লি পাওয়েলের সঙ্গে সম্পর্কের বিষয়ে জানতে চাইলে নিউইয়র্ক টাইমসকে তিনি বলেন, ‘আমার মনে হয় না আপনার সরাসরি আমার সঙ্গে কথা বলা উচিত।’

তৃতীয় ওই নারীর পরিচয়, হুয়াংয়ের সঙ্গে তাঁর পেশাগত সম্পর্ক, কথিত সম্পর্কের সময়কাল কিংবা তা এখনো চলমান কি না—এসব বিষয়ে বিস্তারিত জানা যায়নি। এনভিডিয়ার আচরণবিধিতে কর্মীদের এমন পরিস্থিতি এড়িয়ে চলার নির্দেশনা রয়েছে, যা ব্যক্তিগত সম্পর্কের কারণে পেশাগত স্বার্থের সংঘাত তৈরি করতে পারে।

এদিকে একাধিক বিবাহবহির্ভূত সম্পর্কের অভিযোগ প্রকাশের পর স্ত্রী লরি হুয়াংয়ের সঙ্গে তাঁর দাম্পত্য সম্পর্কের ভবিষ্যৎ নিয়েও আলোচনা শুরু হয়েছে। আশির দশকের মাঝামাঝি সময়ে বিয়ে করা লরি এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেননি।

প্রতিবেদনে বলা হয়েছে, ক্যালিফোর্নিয়ার আইন অনুযায়ী বিবাহবিচ্ছেদ হলে দম্পতির যৌথ সম্পদ ভাগাভাগির বিষয়টি সামনে আসতে পারে। আর্থিক নথি অনুযায়ী, এনভিডিয়ায় জেনসেন হুয়াংয়ের ৩ দশমিক ৫ শতাংশ মালিকানা রয়েছে, যা তিনি ও তাঁর স্ত্রী যৌথভাবে ধারণ করেন। তবে সম্পদ ভাগাভাগি নিয়ে তাঁদের কোনো বিবাহপূর্ব বা বিবাহোত্তর চুক্তি রয়েছে কি না, তা স্পষ্ট নয়।

সূত্র: রয়টার্স ও ফরবস