ইউক্রেনের সঙ্গে বড় পরিসরে যুদ্ধবন্দি বিনিময়ে সম্মতি জানিয়েছে রাশিয়া। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, পরিকল্পিত এই বন্দিবিনিময় হবে দুই দেশের মধ্যে এ পর্যন্ত সবচেয়ে বড়।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং তাঁর জামাতা ও বিশেষ দূত জ্যারেড কুশনারের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের এ কথা জানান জেলেনস্কি।
তিনি বলেন, রাশিয়া বন্দিবিনিময়ের বিষয়ে সম্মতি দিয়েছে। তাঁর ভাষায়, ‘এটি হবে যুদ্ধবন্দিদের মধ্যে এখন পর্যন্ত সবচেয়ে বড় বিনিময়। এটি একটি বাস্তব অর্জন। বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ।’
সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে সাম্প্রতিক আলোচনায় অগ্রগতির কথাও উল্লেখ করেন ইউক্রেনের প্রেসিডেন্ট। তাঁর মতে, সর্বশেষ বৈঠক যুদ্ধের অবসান নিয়ে নতুন করে আশার সঞ্চার করেছে।
জেলেনস্কি জানান, এ বিষয়ে আরও বৈঠক হওয়ার কথা রয়েছে। প্রতিটি আলোচনার পর্ব থেকেই সুনির্দিষ্ট অগ্রগতি আসা উচিত বলে মনে করেন তিনি। আলোচনার মাধ্যমে দুই দেশকে যুদ্ধের অবসানের আরও কাছাকাছি নিয়ে যাওয়ার ওপরও গুরুত্ব দেন তিনি।
পরবর্তী আলোচনায় ইউরোপীয় প্রতিনিধিরাও অংশ নেবেন বলে জানান জেলেনস্কি। তবে তাঁরা আলাদা পক্ষ হিসেবে নয়, আলোচক দলের সদস্য হিসেবেই যুক্ত থাকবেন।
জেলেনস্কি বলেন, আলোচনায় ইউরোপের মতামত দেওয়ার সুযোগ থাকা গুরুত্বপূর্ণ। কারণ, যুদ্ধটি ইউরোপের মাটিতে চলছে এবং ভবিষ্যতে ইউক্রেন ইউরোপীয় ইউনিয়নের সদস্য হবে। ইউরোপের অংশগ্রহণ দেশটির সমৃদ্ধি ও নিরাপত্তার জন্যও জরুরি।
এদিকে বৃহস্পতিবার মস্কোতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেন ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার। এর আগের দিন আবুধাবিতে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইউক্রেন যুদ্ধ বন্ধে সর্বশেষ শান্তি আলোচনা অনুষ্ঠিত হয়।
বন্দিবিনিময়ে দুই পক্ষের সম্মতির খবরকে চলমান শান্তি আলোচনার গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে। তবে বিনিময়ের তারিখ, বন্দির সংখ্যা কিংবা বিস্তারিত পরিকল্পনা এখনো প্রকাশ করা হয়নি।
তথ্যসূত্র: আনাদোলু
