ঢাকা, বাংলাদেশ   শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩

রাজনীতির ব্যস্ততা পেরিয়ে আবারও ইংরেজির ক্লাসে হাসনাত আবদুল্লাহ

রাজনীতির ব্যস্ততা পেরিয়ে আবারও ইংরেজির ক্লাসে হাসনাত আবদুল্লাহ

সংসদ সদস্যের দায়িত্ব ও রাজনৈতিক ব্যস্ততার মধ্যেও শিক্ষকতায় ফিরলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ। বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের ইংরেজি ব্যাকরণের প্রস্তুতিমূলক ক্লাস নিতে দেখা গেছে কুমিল্লা-৪ আসনের এই সংসদ সদস্যকে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় ‘স্কুল অব এক্সিলেন্স’ নামের একটি ভর্তি কোচিং প্রতিষ্ঠানের কুমিল্লা শাখায় ক্লাস নেন তিনি। প্রতিষ্ঠানটির ফেসবুক পেজে সরাসরি সম্প্রচারিত ক্লাসটি নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকেও শেয়ার করেন হাসনাত।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালে ইংরেজির শিক্ষক হিসেবে প্রতিষ্ঠানটিতে যুক্ত হয়েছিলেন তিনি। রাজনৈতিক ব্যস্ততায় নিয়মিত পাঠদান থেকে দূরে থাকলেও শিক্ষকতার সঙ্গে সম্পর্ক বজায় রেখেছেন। এর আগে ২০২৫ সালের ১ আগস্টও ইংরেজি ব্যাকরণের বিশেষ ক্লাস নিয়েছিলেন তিনি।

সংসদ সদস্য হওয়ার পরও শিক্ষকতার অভিজ্ঞতা কাজে লাগিয়ে নির্বাচনী এলাকার সরকারি বরাদ্দ ও উন্নয়ন কর্মকাণ্ডের হিসাব তুলে ধরেছেন হাসনাত। গত ১০ মার্চ ফেসবুক লাইভে ডিজিটাল বোর্ড ও স্লাইড ব্যবহার করে এসব তথ্য উপস্থাপন করেন। জনগণকে নিয়মিত তথ্য জানাতে ‘জবাবদিহিতা’ নামে ফেসবুক পেজ চালুর ঘোষণাও দেন।