কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাম্প্রতিক কর্মকাণ্ডকে রাজনৈতিক তৎপরতার পরিবর্তে সন্ত্রাসী কর্মকাণ্ড হিসেবে উল্লেখ করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমান পার্থ।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে সচিবালয়ে উইমেন জার্নালিস্ট ফোরামের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ মন্তব্য করেন।
সীমান্ত এলাকায় আওয়ামী লীগের চার নেতার গোপন বৈঠক প্রসঙ্গে মন্ত্রী বলেন, নিজেদের রাজনৈতিকভাবে আলোচনায় রাখতেই তারা এমন তৎপরতা চালাচ্ছেন। তিনি একে ‘হালকা ব্লাফ পলিটিক্স’ বলে উল্লেখ করেন।
শেখ হাসিনার দেশে ফেরা প্রসঙ্গে পার্থ বলেন, তিনি ফিরলে প্রচলিত আইন অনুযায়ী বিচারিক প্রক্রিয়ার মুখোমুখি হতে হবে। প্রত্যর্পণ চুক্তির আওতায় তাকে ফেরত আনার বিষয়ে সরকার আইনি পথে এগোতে চায়।
ভারত-বাংলাদেশ সম্পর্ক প্রসঙ্গে তিনি ভারতের পররাষ্ট্রনীতির সমালোচনা করেন। পাশাপাশি দেশটির ভূখণ্ড ব্যবহার করে বাংলাদেশে অস্থিতিশীলতা তৈরির চেষ্টার অভিযোগ তোলেন।
গণমাধ্যমের স্বাধীনতা প্রসঙ্গে মন্ত্রী বলেন, সরকার সংবাদমাধ্যমের কাজে হস্তক্ষেপ করতে চায় না। তিনি নারীর ক্ষমতায়ন এবং অপতথ্য প্রতিরোধের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন।
