ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩

দেশে হামের প্রকোপ অব্যাহত, ২৪ ঘণ্টায় ৮ শিশুর মৃত্যু ও হাসপাতালে ভর্তি ১১০৯

দেশে হামের প্রকোপ অব্যাহত, ২৪ ঘণ্টায় ৮ শিশুর মৃত্যু ও হাসপাতালে ভর্তি ১১০৯

দেশে হামের সংক্রমণ ও উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা বাড়ছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও সাত শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নিশ্চিত হামে মারা গেছে এক শিশু। এ নিয়ে ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৩৭১।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত হালনাগাদ প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গ নিয়ে সারা দেশে ১ হাজার ১০৯ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। একই সময়ে ১০২ শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে।

মৃত আট শিশুর মধ্যে হামের উপসর্গ নিয়ে সিলেটে তিনজন, রংপুরে দুজন এবং চট্টগ্রাম ও ময়মনসিংহ বিভাগে দুজনের মৃত্যু হয়েছে। নিশ্চিত হামে মারা গেছে ঢাকা বিভাগের এক শিশু।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরে এ পর্যন্ত ২৬ হাজার ৪৭৬ শিশুর হাম শনাক্ত হয়েছে। সন্দেহভাজন রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ৬১ হাজার ৫৩৫।