বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় দেশের মানুষ প্রস্তুত রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি অভিযোগ করেন, পার্শ্ববর্তী একটি দেশের উসকানিতে ফ্যাসিবাদী শক্তি দেশে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাজধানীর শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
পশ্চিমবঙ্গের এক মন্ত্রীর বাংলাদেশ দখলসংক্রান্ত বক্তব্যের প্রসঙ্গ টেনে রিজভী বলেন, মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীনতা অর্জন করা বাংলাদেশের মানুষ দেশের সার্বভৌমত্ব রক্ষায় সক্ষম। বাংলাদেশ দখল করা সহজ নয়।
এ সময় পোশাকশ্রমিকদের মজুরি বৃদ্ধির বিষয়েও কথা বলেন তিনি। রিজভীর দাবি, শ্রমিকদের মজুরি প্রায় ৩৬ শতাংশ বাড়ানো হয়েছে। এ ক্ষেত্রে নজরুল ইসলাম খানের ভূমিকার প্রশংসা করেন তিনি।
নতুন শ্রমিক দলের কেন্দ্রীয় কমিটিকে যোগ্য উল্লেখ করে রিজভী আশা প্রকাশ করেন, তারা শ্রমিকদের অধিকার ও স্বার্থ রক্ষায় কাজ করবেন। অনুষ্ঠানে বিএনপি ও শ্রমিক দলের নেতারা উপস্থিত ছিলেন।
