নারী নির্যাতন, সহিংসতা ও নিপীড়ন বন্ধে সরকার, সমাজ ও নাগরিকদের জিরো টলারেন্স নীতি গ্রহণের আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষে মঙ্গলবার (২৪ নভেম্বর) দেওয়া এক বিবৃতিতে তিনি এ আহ্বান জানান।
বিবৃতিতে মিয়া গোলাম পরওয়ার বলেন, সমাজ ও রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে নারীরা গুরুত্বপূর্ণ অবদান রাখলেও এখনো অনেক নারী প্রত্যক্ষ ও পরোক্ষ নির্যাতনের শিকার হচ্ছেন। নারীদের মৌলিক অধিকার, নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করা প্রয়োজন।
তিনি বলেন, নারী নির্যাতন প্রতিরোধে নৈতিক শিক্ষা, সামাজিক আন্দোলন ও জনসচেতনতা বাড়াতে হবে। পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠান, কর্মক্ষেত্র ও গণপরিবহনে নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে।
জামায়াতের এই নেতা আরও বলেন, ধর্ষণ, হত্যা ও অন্যান্য সহিংসতা বন্ধে পরিবার, সমাজ ও রাষ্ট্রের দায়িত্বশীল ব্যক্তিদের সম্মিলিতভাবে কাজ করতে হবে।
উল্লেখ্য, প্রতিবছর ২৫ নভেম্বর আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস পালিত হয়। নারীর প্রতি সহিংসতা বন্ধে সচেতনতা তৈরি করাই দিবসটির মূল উদ্দেশ্য।
