ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩

কোনো খরচ ছাড়াই মালয়েশিয়া যাচ্ছেন ১১২ বাংলাদেশি, প্রথম ফ্লাইট বৃহস্পতিবার

কোনো খরচ ছাড়াই মালয়েশিয়া যাচ্ছেন ১১২ বাংলাদেশি, প্রথম ফ্লাইট বৃহস্পতিবার

কোনো ধরনের অভিবাসন ব্যয় ছাড়াই আগামী বৃহস্পতিবার (২৬ নভেম্বর) মালয়েশিয়া যাচ্ছেন ১১২ জন বাংলাদেশি কর্মী। ওই দিন সন্ধ্যা ৭টায় কর্মীদের বহনকারী প্রথম ফ্লাইটটি ঢাকা ছাড়বে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) সরকারি এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব শাহাদাৎ হোসেন স্বাধীন। তিনি জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান ফ্লাইটটির উদ্বোধন করবেন। কর্মীরা মালয়েশিয়ার ডিএইচএল প্রতিষ্ঠানে কাজ করতে যাচ্ছেন। তাঁদের যাতায়াতসহ সব খরচ বহন করবে নিয়োগদাতা প্রতিষ্ঠান। তবে প্রথম ফ্লাইটের পর অন্য কর্মীদের যাওয়ার সময়সূচি জানানো হয়নি।

এর আগে প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছিলেন, পর্যায়ক্রমে ১০ হাজার বাংলাদেশি কর্মী সম্পূর্ণ বিনা খরচে মালয়েশিয়ায় কাজের সুযোগ পাবেন। তাঁদের মধ্যে এক হাজার জনের জন্য বিশেষ কোটা রাখা হয়েছে। এ কোটায় গুম ও হত্যার শিকার পরিবারের সদস্য এবং জুলাই গণঅভ্যুত্থানে অবদান রাখা ব্যক্তিদের অন্তর্ভুক্ত করার কথা বলা হয়েছে।

প্রধানমন্ত্রীর ভাষ্য অনুযায়ী, স্বচ্ছ প্রক্রিয়ায় কর্মী পাঠিয়ে মালয়েশিয়ার শ্রমবাজার পুনরুদ্ধারে উদ্যোগ নিয়েছে সরকার। পাশাপাশি বৈধ পথে রেমিট্যান্স পাঠানো সহজ করা এবং হুন্ডি প্রতিরোধেও পদক্ষেপ নেওয়া হচ্ছে।