চট্টগ্রামের ফটিকছড়িতে যুবদলের সন্ত্রাসবিরোধী মিছিলে মাইকে ঘোষণা দিয়ে অতর্কিত হামলার অভিযোগ উঠেছে যুবলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে। হামলায় অন্তত ৮ থেকে ১০ জন আহত হয়েছেন। আগুন দেওয়া হয়েছে তিনটি মোটরসাইকেলে।
শনিবার (২১ নভেম্বর) বিকেলে নানুপুর ইউনিয়নের কিপাইত নগর গ্রামে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, প্রায় ২০টি মোটরসাইকেল নিয়ে যুবদলের মিছিলটি শাহী মুহাম্মদ চৌধুরী মসজিদ এলাকায় পৌঁছালে হামলা চালানো হয়। এ সময় কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়।
আহতদের মধ্যে আজিজ, হোসেন মঞ্জু, আকিব, ইয়ামিনি ও বখতিয়ারকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।
ঘটনার প্রতিবাদে স্থানীয় যুবলীগ নেতা নুরুল করিমের বাড়ির সামনে বিক্ষোভ করেন বিএনপি ও যুবদলের নেতাকর্মীরা।
অতিরিক্ত পুলিশ সুপার কাজী তারেক আজিজ জানান, পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।
