বিএনপির ভাইস চেয়ারম্যান ও নোয়াখালী-৩ আসনের সংসদ সদস্য বরকত উল্লাহ বুলুর পদত্যাগের খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লেও দলটি বলছে, এ তথ্যের কোনো ভিত্তি নেই। চিকিৎসার জন্য বর্তমানে থাইল্যান্ডে রয়েছেন তিনি।
বুধবার বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান যুগান্তরকে জানান, বুলু প্রায় এক মাস বক্ষব্যাধি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। পরে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা নিয়ে মঙ্গলবার রাতে উন্নত চিকিৎসার জন্য থাইল্যান্ডে যান। চিকিৎসকদের পরামর্শে বুধবার সকালে দেশটির একটি হাসপাতালে ভর্তি হন তিনি।
বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে, বুলুর পদত্যাগের খবর সম্পূর্ণ মিথ্যা ও অপপ্রচার। সাবেক শিক্ষামন্ত্রী ও দলের ভাইস চেয়ারম্যান ওসমান ফারুকের পদত্যাগের পর সামাজিক যোগাযোগমাধ্যমে আরও কয়েকজন নেতার পদত্যাগের গুঞ্জন ছড়ায়।
শায়রুল কবির খান জানান, ওসমান ফারুক ও তাঁর স্ত্রী দীর্ঘদিন ধরে গুরুতর অসুস্থ। শারীরিক অসুস্থতার কারণেই তিনি পদত্যাগ করেছেন।
বুলু যুবদলের সভাপতি ও সাধারণ সম্পাদক ছিলেন। দীর্ঘদিন দলের যুগ্ম মহাসচিব ও মুখপাত্রের দায়িত্ব পালন করেছেন। তিনি নোয়াখালী থেকে পাঁচবার নির্বাচিত সংসদ সদস্য।
