টেলিকম ব্যবসার আড়ালে ৪৫৩ কোটি টাকার বেশি অর্থ পাচারের অভিযোগে আওয়ামী লীগের সাবেক দুই সংসদ সদস্য শামীম ওসমান ও জাহাঙ্গীর কবির নানকের পরিবারের সদস্যদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিলের অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বুধবার (১৮ নভেম্বর) দুদকের সচিব সাইদুর রহমান খান রাজধানীর সেগুনবাগিচায় সংস্থাটির প্রধান কার্যালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান।
দুদক জানায়, শামীম ওসমানের পরিবারের ছয় সদস্যের বিরুদ্ধে ‘কে টেলিকমিউনিকেশন্স’-এর মাধ্যমে ১৯৩ কোটি ৯১ লাখ টাকা পাচারের অভিযোগের তদন্তে তথ্যপ্রমাণ পাওয়া গেছে। অন্যদিকে নানকের স্ত্রী ও সন্তানের মালিকানাধীন ‘রাতুল টেলিকম’-এর মাধ্যমে ২৫৯ কোটি ৬২ লাখ টাকা পাচারের তথ্য পাওয়া গেছে।
আন্তর্জাতিক কলের মাধ্যমে অর্জিত বৈদেশিক মুদ্রা দেশে না এনে অর্থ পাচারের অভিযোগে এ অনুসন্ধান পরিচালিত হয়।
দুদক সচিব আরও জানান, ইস্টার্ন ব্যাংকের সাবেক চেয়ারম্যান শওকত আলী চৌধুরীর বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগে নতুন অনুসন্ধান শুরু হয়েছে। এ ছাড়া তাঁর বিরুদ্ধে আট হাজার কোটি টাকা পাচারের আরেকটি অনুসন্ধান চলমান রয়েছে।
