ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩

মাদকের টাকায় হাত নয়, ৭১ থানার ওসিকে শপথ করালাম: ডিআইজি

মাদকের টাকায় হাত নয়, ৭১ থানার ওসিকে শপথ করালাম: ডিআইজি

মাদকবিরোধী অভিযানে পুলিশের কোনো সদস্য যাতে অবৈধ অর্থের সঙ্গে জড়িত না হন, সে বিষয়ে রাজশাহী রেঞ্জের ৭১ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) শপথ করিয়েছেন বলে জানিয়েছেন ডিআইজি মীর আশরাফ আলী।

বুধবার (১৮ নভেম্বর) বিকেলে পাবনা পুলিশ সুপারের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

ডিআইজি বলেন, মাদকের সঙ্গে কোনো ধরনের আপস করা হবে না। মাদকের রুট নির্মূল করতে পুলিশ কাজ করছে। পুলিশের সক্ষমতা কমবে না উল্লেখ করে তিনি আইনশৃঙ্খলা রক্ষায় সবার সহযোগিতা কামনা করেন।

পাবনার আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো রয়েছে দাবি করে তিনি বলেন, কিশোর গ্যাং নিয়ন্ত্রণেও পুলিশ কাজ করছে।

সাংবাদিকদের সঙ্গে পুলিশের অসদাচরণের অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, কোনো পুলিশ সদস্য সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহার করতে পারবেন না। এ বিষয়ে সদস্যদের নির্দেশনা দেওয়া হয়েছে।

এ সময় অপরাধ শনাক্ত ও তদন্তে সহায়তার জন্য বাড়িতে সিসিটিভি ক্যামেরা স্থাপনের ওপর গুরুত্ব দেন তিনি। সভায় স্থানীয় সাংবাদিক নেতারাও উপস্থিত ছিলেন।