ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩

ভারত থেকে নাশকতার নির্দেশের অভিযোগ রিজভীর, সভায় যা বললেন

ভারত থেকে নাশকতার নির্দেশের অভিযোগ রিজভীর, সভায় যা বললেন

ভারত থেকে বাংলাদেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তাঁর দাবি, বিদেশে অবস্থানকারীরা ভিডিও বার্তার মাধ্যমে দেশে নাশকতার নির্দেশ দিচ্ছেন।

বুধবার (১৮ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবে মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিএনপি আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

রিজভী অভিযোগ করেন, ভারতে অবস্থানকারীরা পুলিশের গাড়ি ও বিএনপি নেতার বাড়িতে বোমা-ককটেল হামলায় জড়িত। কলকাতা, দিল্লি ও ব্যাংককে অবস্থান করে ভিডিও বার্তায় নাশকতার নির্দেশ দেওয়া হচ্ছে বলেও দাবি করেন তিনি।

তিনি বলেন, গণতান্ত্রিক আন্দোলন ও জুলাই বিপ্লবের মধ্য দিয়ে দেশে নির্বাচিত সরকার প্রতিষ্ঠিত হয়েছে। তবে অতীতের লুটপাট ও দখলদারত্ব ফিরিয়ে আনতে বোমাবাজির মাধ্যমে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা চলছে।

সভায় মওলানা ভাসানীর রাজনৈতিক জীবন, কৃষক-শ্রমিকের অধিকার এবং আধিপত্যবাদবিরোধী আন্দোলনে তাঁর ভূমিকা তুলে ধরেন রিজভী। একই সঙ্গে নতুন প্রজন্মের কাছে তাঁর আদর্শ পৌঁছে দিতে আরও গবেষণার প্রয়োজনীয়তার কথা বলেন।

অনুষ্ঠানে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য দেন।