ডিসেম্বরকে কেন্দ্র করে বড় ধরনের নাশকতার পরিকল্পনার তথ্য পেয়েছে পুলিশ ও গোয়েন্দা সংস্থাগুলো। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীদের সম্ভাব্য তৎপরতা ঘিরে ঢাকা, গোপালগঞ্জসহ বিভিন্ন জেলায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।
পুলিশের সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে জানা গেছে, গ্রেপ্তার ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ এবং মুঠোফোনের কথোপকথন ও বার্তা বিশ্লেষণ করে নাশকতার পরিকল্পনার তথ্য পাওয়া গেছে। সড়ক ও নৌপথে প্রতিবন্ধকতা সৃষ্টি করে গোপালগঞ্জসহ আশপাশের চার জেলাকে বিচ্ছিন্ন করার পাশাপাশি ঢাকায় জমায়েতের পরিকল্পনার তথ্যও রয়েছে।
পুলিশের দাবি, সাম্প্রতিক অগ্নিসংযোগ ও সহিংসতার ঘটনায় আওয়ামী লীগের নেতা-কর্মীদের সংশ্লিষ্টতা পাওয়া গেছে। এসব ঘটনায় অর্থায়ন ও সমন্বয়ের বিষয়টিও তদন্ত করা হচ্ছে।
সম্ভাব্য পরিস্থিতি মোকাবিলায় ডিসেম্বরজুড়ে ঝুঁকিপূর্ণ এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন এবং গোয়েন্দা নজরদারি বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। এ বিষয়ে ৬৪ জেলার পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিশেষ নির্দেশনা দিয়েছেন আইজিপি।
গোপালগঞ্জে ইতিমধ্যে দুই হাজার পুলিশ সদস্য, ১০ প্লাটুন বিজিবি ও অন্যান্য নিরাপত্তা সদস্য মোতায়েন করা হয়েছে। পাশাপাশি ঢাকা ও আশপাশের জেলার প্রবেশপথগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে।
পুলিশ সদর দপ্তর জানিয়েছে, যেকোনো ধরনের নাশকতা মোকাবিলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রস্তুত রয়েছে।
