জাতীয় বিশ্ববিদ্যালয়ে কর্মকর্তা-কর্মচারীদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে তিন দিনের জন্য সব অফিস বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। মঙ্গলবার (১৭ নভেম্বর) থেকে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) পর্যন্ত এ সিদ্ধান্ত কার্যকর থাকবে।
সোমবার (১৬ নভেম্বর) অনুষ্ঠিত সিন্ডিকেটের জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। রেজিস্ট্রার মোল্লা মাহফুজ আল-হোসেন স্বাক্ষরিত অফিস আদেশে বিষয়টি জানানো হয়েছে। তবে জরুরি পরিষেবা, পরীক্ষা নিয়ন্ত্রণ দপ্তর এবং অধ্যক্ষ সম্মিলন-সংক্রান্ত কার্যক্রম এ সিদ্ধান্তের বাইরে থাকবে।
এর আগে ৯৮৮ কর্মকর্তা-কর্মচারীর জ্যেষ্ঠতা, পদোন্নতি ও বকেয়া বেতন-ভাতা পরিশোধের দাবিতে আন্দোলনকারীরা প্রায় ৯ ঘণ্টা উপাচার্য অধ্যাপক এ এস এম আমানুল্লাহকে তাঁর কার্যালয়ে অবরুদ্ধ করে রাখেন।
সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রায়ে পুনর্বহাল হওয়া এসব কর্মকর্তা-কর্মচারী তাঁদের দাবিতে দ্বিতীয় দিনের মতো আন্দোলন করছিলেন। প্রশাসনের দাবি, আদালতের রায়ে বকেয়া বেতন-ভাতা প্রদানের নির্দেশনা নেই।
