ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩

তিন জেলায় সংযোগ, ওয়াই আকৃতির দ্বিতীয় পদ্মা সেতু

তিন জেলায় সংযোগ, ওয়াই আকৃতির দ্বিতীয় পদ্মা সেতু

দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের পরিকল্পনায় নতুন মাত্রা যুক্ত হয়েছে। মানিকগঞ্জ, রাজবাড়ী ও পাবনাকে যুক্ত করে ইংরেজি ‘ওয়াই’ বর্ণের আকৃতিতে সেতুটি নির্মাণের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার। পাশাপাশি উত্তরাঞ্চলের যোগাযোগব্যবস্থা উন্নত করতে দ্বিতীয় যমুনা সেতুর সম্ভাব্য অবস্থানও যাচাই করা হচ্ছে।

নতুন পরিকল্পনা অনুযায়ী, দ্বিতীয় পদ্মা সেতুর তিনটি প্রান্ত হবে মানিকগঞ্জের পাটুরিয়া, রাজবাড়ীর দৌলতদিয়া ও পাবনার কাজিরহাটে। সেতু বিভাগের দায়িত্বে থাকা প্রকল্পটির চূড়ান্ত নকশা, দৈর্ঘ্য ও নির্মাণব্যয় এখনো নির্ধারিত হয়নি। এসব বিষয়ে সম্ভাব্যতা সমীক্ষা চলছে।

সেতুটি নির্মিত হলে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিভিন্ন জেলার সঙ্গে ঢাকার যোগাযোগ সহজ হবে। মেহেরপুর, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, ঝিনাইদহ, মাগুরা, রাজবাড়ী ও ফরিদপুরের মানুষ বিশেষভাবে উপকৃত হতে পারেন। পাশাপাশি মোংলা সমুদ্রবন্দর এবং কয়েকটি স্থলবন্দরের সঙ্গে রাজধানীর বিকল্প যোগাযোগ তৈরি হবে।

অন্যদিকে, দ্বিতীয় যমুনা সেতুর জন্য চার-পাঁচটি সম্ভাব্য পথ বিবেচনায় রয়েছে। আলোচনায় আছে জামালপুরের দেওয়ানগঞ্জ থেকে গাইবান্ধার বালাসী এবং জামালপুরের মাদারগঞ্জ থেকে বগুড়ার সারিয়াকান্দি পর্যন্ত দুটি পথ। কুড়িগ্রামের চিলমারী-রৌমারী পথও বিবেচনায় রয়েছে।

সেতু বিভাগের সচিব আবদুর রউফ জানিয়েছেন, সমীক্ষা শেষে প্রকল্প প্রস্তাব তৈরি করা হবে। আগামী বছরের সেপ্টেম্বরের মধ্যে পূর্ণাঙ্গ সমীক্ষা প্রতিবেদন পাওয়ার লক্ষ্য রয়েছে। এরপর সেতু দুটির অবস্থান, নকশা ও ব্যয়ের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।