সুষ্ঠু নির্বাচন না হলে দেশে অস্থিতিশীলতা ও সহিংস পরিস্থিতি তৈরি হতে পারে বলে সতর্ক করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। তাঁর মতে, রাজনীতি এখন সর্বগ্রাসী; তাই রাজনৈতিক ব্যবস্থার ইতিবাচক পরিবর্তন ছাড়া দেশের সামগ্রিক উন্নয়ন সম্ভব নয়।
বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর পক্ষে সংসদীয় ককাসের প্রকাশনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
স্পিকার বলেন, জনগণ এখন অনেক বেশি সচেতন। তাই নির্বাচনে কারচুপি করার সুযোগ কমেছে। নির্বাচন কমিশনকে অর্থের প্রভাব কমাতে কার্যকর ব্যবস্থা নিতে হবে। অতীতের নির্বাচনে ভোটের আগেই ১৫৩ জন নির্বাচিত হওয়ার ঘটনাকে গণতন্ত্রের জন্য ভয়াবহ অভিজ্ঞতা বলেও উল্লেখ করেন তিনি।
সুবিধাবঞ্চিত মানুষের অধিকার প্রতিষ্ঠায় রাজনীতিবিদদের দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান স্পিকার। একই সঙ্গে দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হতে সংসদীয় ককাসের সদস্যদের প্রতি আহ্বান জানান তিনি।
