নতুন জাতীয় বেতন স্কেল ২০২৬ বাস্তবায়নের মধ্যে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন, পেনশন ও বিনোদন ভাতা নিয়ে সংশোধিত নির্দেশনা জারি করেছে অর্থ মন্ত্রণালয়। এতে অবসর-উত্তর ছুটির সময় বেতন নির্ধারণ এবং বিনোদন ভাতা প্রদানের নিয়ম স্পষ্ট করা হয়েছে।
বুধবার (১১ নভেম্বর) জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী, ১ জুলাই ২০২৬ থেকে ২০২৭ সালের ৩০ জুন পর্যন্ত বিনোদন ভাতা নির্ধারণে ছুটিতে যাওয়ার মাসে আহরিত মূল বেতন বিবেচনা করা হবে। ওই মাসের মূল বেতনের সমপরিমাণ অর্থ পাবেন কর্মচারীরা।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, পরবর্তী সময়ে পে-ফিক্সেশনের কারণে বেতন পুনর্নির্ধারিত হলেও বিনোদন ভাতার অতিরিক্ত বকেয়া পাওয়া যাবে না।
এ ছাড়া অবসর-উত্তর ছুটিতে যাওয়া কর্মচারীদের ক্ষেত্রে ছুটি শুরুর তারিখ অনুযায়ী ২০১৫ ও ২০২৬ সালের বেতন স্কেলের বিধান অনুসরণ করে বেতন, নিট পেনশন ও আনুতোষিক নির্ধারণ করতে হবে। আগে নিষ্পত্তি হওয়া কিছু পেনশন ও আনুতোষিকের দাবিও পুনর্নির্ধারণের নির্দেশনা দেওয়া হয়েছে।
