ঢাকা, বাংলাদেশ   শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনায় নভেম্বরে ১৫ দফা গুলি, নিহত ছয়

খুলনায় নভেম্বরে ১৫ দফা গুলি, নিহত ছয়

নভেম্বরের প্রথম ২৫ দিনে খুলনা মহানগর ও জেলার বিভিন্ন স্থানে অন্তত ১৫টি গুলির ঘটনা ঘটেছে। এসব ঘটনায় গুলিতে পাঁচজন এবং ধারালো অস্ত্রের আঘাতে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ছয়জন। একের পর এক গোলাগুলি ও চাঁদাবাজির ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে।

২৪ নভেম্বর এক দিনেই নগরের সাতটি এলাকায় গুলি ছোড়া হয়। পরদিনও এনজিও কর্মকর্তা মিল্টন বাড়ৈর বাড়ি লক্ষ্য করে ফাঁকা গুলি চালানো হয়। চাঁদার দাবিতে রেস্তোরাঁ, ডায়াগনস্টিক সেন্টার ও অন্যান্য প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুরের অভিযোগও রয়েছে।

পুলিশের তথ্যে, চলতি বছরের ২৫ নভেম্বর পর্যন্ত খুলনা মহানগরে ৪১ জন এবং জেলায় ৪০ জন নিহত হয়েছেন। একই সময়ে মহানগর পুলিশ ৫১টি আগ্নেয়াস্ত্র ও ৩৭৮টি গুলি উদ্ধার করেছে। জেলা পুলিশ উদ্ধার করেছে ৩২টি অস্ত্র ও ৩৯টি গুলি।

কয়েকটি গুলির ঘটনায় জড়িত থাকার অভিযোগে সম্প্রতি কয়েকজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে অস্ত্র উদ্ধার ও গ্রেপ্তারের পরও গোলাগুলি থামেনি। রাজনৈতিক পরিচয় থাকা ব্যক্তিরাও হতাহতদের মধ্যে রয়েছেন। সংশ্লিষ্টদের ভাষ্য, মাদক কারবার, চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘাতের মধ্যে সাধারণ মানুষও ঝুঁকিতে পড়ছেন।