ঢাকা, বাংলাদেশ   শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩

ফ্যামিলি কার্ডের ভাতা পাচ্ছে ৭৪ হাজারের বেশি পরিবার

ফ্যামিলি কার্ডের ভাতা পাচ্ছে ৭৪ হাজারের বেশি পরিবার

পরীক্ষামূলক পর্যায়ে ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় গত সেপ্টেম্বর পর্যন্ত ভাতা পেয়েছে ৭৪ হাজার ২৫৯টি পরিবার। সরকারের পরিকল্পনা, ধাপে ধাপে দেশের আনুমানিক ৪ কোটি ১০ লাখ পরিবারের তথ্য সংগ্রহ করে কর্মসূচিটি সম্প্রসারণ করা। বৃহস্পতিবার সংসদীয় কমিটির বৈঠকে এ অগ্রগতির কথা জানায় সমাজকল্যাণ মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, পাইলট পর্যায়ে ৮ বিভাগের ৪২ জেলার ৫৫টি ওয়ার্ডে ১ লাখ ১২ হাজার ৯৪টি পরিবারের তথ্য নেওয়া হয়। আর্থসামাজিক অবস্থা যাচাইয়ের পর ৭৭ হাজার ৮৯৪ নারীকে কার্ডের জন্য নির্বাচিত করা হয়। মার্চ থেকে সেপ্টেম্বর পর্যন্ত তাঁদের মধ্যে ৭৪ হাজার ২৫৯টি পরিবার ভাতার আওতায় এসেছে। প্রতিটি পরিবারের নারী সদস্য মাসে আড়াই হাজার টাকা পান।

মূল কর্মসূচির প্রস্তুতিতে ১২ অক্টোবর থেকে দেশজুড়ে তথ্য সংগ্রহ শুরু হয়েছে। ২৩ নভেম্বর পর্যন্ত প্রায় ৫৯ লাখ পরিবারের তথ্য নেওয়া হয়েছে; কাজ শেষ করার লক্ষ্য ডিসেম্বর। এ কাজে প্রায় ৭০ হাজার তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োজিত।

ভাতা বিতরণে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে সংসদীয় কমিটি নির্দেশ দিয়েছে। প্রকৃত দরিদ্র পরিবার বাছাইয়ে প্রয়োজনে পুনরায় যাচাই ও গণশুনানির ব্যবস্থা থাকবে বলে জানিয়েছে মন্ত্রণালয়।