ঢাকা, বাংলাদেশ   শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩

২০ হাজার বিদ্যালয়ের তিন লাখ ছাত্রী পাবে সাইকেল

২০ হাজার বিদ্যালয়ের তিন লাখ ছাত্রী পাবে সাইকেল

মেয়েদের শিক্ষায় উৎসাহ বাড়াতে এবং বিদ্যালয় থেকে ঝরে পড়া রোধে দেশের তিন লাখ মেধাবী ছাত্রীকে বাইসাইকেল দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার। ষষ্ঠ থেকে দশম শ্রেণির মেধাতালিকায় প্রথম তিনটি স্থান অর্জনকারী ছাত্রীরা এ সুবিধা পাবে।

বুধবার (২৫ নভেম্বর) সকালে সচিবালয়ে নিজ কার্যালয়ের নিচে কয়েক ধরনের বাইসাইকেল চালিয়ে সেগুলোর মান যাচাই করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব মো. সুজাউদ্দৌলা এ তথ্য জানান।

শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে ছাত্রীদের মধ্যে বিতরণের জন্য কয়েক ধরনের বাইসাইকেল প্রধানমন্ত্রীর কাছে আনা হয়। তিনি নিজে সেগুলো চালিয়ে মান ও ব্যবহারিক দিক পরখ করেন।

এ কর্মসূচির আওতায় দেশের ২০ হাজার বিদ্যালয়ের প্রতিটি শ্রেণির প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী ছাত্রীকে একটি করে বাইসাইকেল দেওয়া হবে।

এ সময় জনপ্রশাসন প্রতিমন্ত্রী আবদুল বারী, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আবদুস সাত্তার, মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি, শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আবদুল খালেকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।