শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগের ক্ষেত্রে যৌক্তিক কারণ ছাড়া যোগ্য প্রার্থীকে বঞ্চিত করা যাবে না বলে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এ ধরনের অনিয়মে জড়িত ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডি বাতিল এবং সংশ্লিষ্ট শিক্ষকের এমপিও স্থগিতসহ আইনানুগ ব্যবস্থা নেওয়া যাবে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিচারপতি কে এম হাফিজুল আলম ও বিচারপতি মুরাদ-এ-মওলা সোহেলের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ অধ্যক্ষ নিয়োগসংক্রান্ত একটি রিটের রায়ে এ নির্দেশনা দেন।
মামলার বিবরণ অনুযায়ী, কিশোরগঞ্জের হোসেনপুর কারিগরি ও ব্যবসায় ব্যবস্থাপনা ইনস্টিটিউটের অধ্যক্ষ পদে লিখিত ও মৌখিক পরীক্ষায় প্রথম হন মো. জাহাঙ্গীর আলম। তবে কোরাম সংকটের অজুহাতে তাকে নিয়োগ দেয়নি ম্যানেজিং কমিটি। এর প্রতিকার চেয়ে ২০১৯ সালে হাইকোর্টে রিট করেন তিনি।
দীর্ঘ শুনানি শেষে আদালত রুল খারিজ করলেও শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগের ক্ষেত্রে স্বচ্ছতা ও আইনানুগ প্রক্রিয়া অনুসরণের ওপর গুরুত্ব দেন।
রায়ে বলা হয়, নিয়োগে অনিয়মের সঙ্গে কোনো কমিটি বা ব্যক্তি জড়িত থাকলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নিতে পারবে।
