ঢাকা, বাংলাদেশ   শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩

গফরগাঁও মহিলা কলেজ জাতীয়করণের চেষ্টা করবেন সংসদ সদস্য আক্তারুজ্জামান

গফরগাঁও মহিলা কলেজ জাতীয়করণের চেষ্টা করবেন সংসদ সদস্য আক্তারুজ্জামান

ময়মনসিংহের গফরগাঁও মহিলা ডিগ্রি কলেজ জাতীয়করণ ও অবকাঠামোগত উন্নয়নের আশ্বাস দিয়েছেন ময়মনসিংহ-১০ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আক্তারুজ্জামান বাচ্চু। পাশাপাশি নারী শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও সমাজের কল্যাণে কাজ করার আহ্বান জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) গফরগাঁও মহিলা ডিগ্রি কলেজ মাঠে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আক্তারুজ্জামান বলেন, একটি শিক্ষিত প্রজন্মই দেশ ও জাতির সুন্দর ভবিষ্যৎ গড়ে তুলতে পারে। ভালো ফলাফল অর্জনের পাশাপাশি শিক্ষার্থীদের মানবিক গুণাবলি অর্জন এবং সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ করতে হবে।

তিনি আরও বলেন, গফরগাঁও মহিলা ডিগ্রি কলেজ এ অঞ্চলের নারী শিক্ষার অন্যতম প্রাণকেন্দ্র। প্রতিষ্ঠানটি জাতীয়করণের চেষ্টা করার পাশাপাশি অবকাঠামোগত উন্নয়ন ও সুযোগ-সুবিধা বৃদ্ধির বিষয়ে নজর রাখবেন তিনি।

কলেজের অধ্যক্ষ আব্দুল খালেকের সভাপতিত্বে এবং প্রভাষক সাব্বির কামালের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজ গভর্নিং বডির সভাপতি শামীমা সুলতানা ও শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক হাছিনুন নাহার।