ঢাকা, বাংলাদেশ   শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩

সাংবাদিককে হত্যার হুমকির অভিযোগ, গণপূর্ত প্রকৌশলীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে ৭২ ঘণ্টার আলটিমেটাম

সাংবাদিককে হত্যার হুমকির অভিযোগ, গণপূর্ত প্রকৌশলীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে ৭২ ঘণ্টার আলটিমেটাম
দুর্নীতির অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে চাওয়ায় সাংবাদিক নিজাম উদ্দিন দরবেশকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে গণপূর্ত অধিদপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী ড. আবু নাসের চৌধুরীর বিরুদ্ধে। এ ঘটনায় তদন্ত ও অভিযুক্ত কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবিতে মানববন্ধন করেছেন সাংবাদিকরা।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে ‘সাধারণ সাংবাদিক সমাজ’ আয়োজিত মানববন্ধনে এসব দাবি জানানো হয়।

সাংবাদিক মোহাম্মদ মাসুদের সভাপতিত্বে মানববন্ধনে বক্তারা বলেন, সংবাদ প্রকাশের আগে সংশ্লিষ্ট ব্যক্তির বক্তব্য নেওয়া সাংবাদিকতার পেশাগত দায়িত্ব। এ দায়িত্ব পালনের কারণে হত্যার হুমকি দেওয়া স্বাধীন সাংবাদিকতা ও গণমাধ্যমের নিরাপত্তার জন্য গুরুতর হুমকি।

বক্তারা অভিযুক্ত প্রকৌশলীর বিরুদ্ধে দুর্নীতি, নৈতিক স্খলন ও অনিয়মের অভিযোগ তুলে সুষ্ঠু তদন্তের দাবি জানান। পাশাপাশি ঢাকা সাংবাদিক ইউনিয়নের নির্বাহী সদস্য ও দৈনিক মানব কথার সম্পাদক নিজাম উদ্দিন দরবেশের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান তারা।

আগামী ৭২ ঘণ্টার মধ্যে যথাযথ ব্যবস্থা নেওয়া না হলে আরও কঠোর কর্মসূচি পালনের হুঁশিয়ারি দেন সাংবাদিকরা।

অভিযুক্ত প্রকৌশলীর বক্তব্য মূল প্রতিবেদনে উল্লেখ করা হয়নি।