ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩

মাদক নয়, চুরিই ছিল উদ্দেশ্য! রংপুরে চার হত্যার ঘটনায় চার্জশিটে যা বলল পুলিশ

মাদক নয়, চুরিই ছিল উদ্দেশ্য! রংপুরে চার হত্যার ঘটনায় চার্জশিটে যা বলল পুলিশ

রংপুরে অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের চার সদস্যকে হত্যার ঘটনায় দুই আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দিয়েছে পুলিশ। তদন্তে বাড়ির টাকা ও স্বর্ণালংকার চুরির উদ্দেশ্যে হত্যাকাণ্ড ঘটানো হয়েছে বলে উল্লেখ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সংবাদ সম্মেলনে রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মু. মাহবুবুর রশীদ জানান, অভিযুক্ত সিদ্ধার্থ দাস ও মুগ্ধ দাস আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে চুরি হওয়া স্বর্ণালংকার উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থলের বিভিন্ন আলামত পরীক্ষায় দুই আসামির ডিএনএ পাওয়া গেছে বলেও দাবি পুলিশের।

তদন্ত অনুযায়ী, গত ২১ আগস্ট রাতে চুরির উদ্দেশ্যে বাড়িতে ঢুকে প্রথমে গণপতি চক্রবর্তীকে হত্যা করেন অভিযুক্তরা। পরে তাঁর স্ত্রী, মেয়ে ও ছেলেকেও হত্যা করা হয়।

এ ঘটনায় ৫৩ জন সাক্ষী ও ৬৬টি আলামত অভিযোগপত্রে অন্তর্ভুক্ত করা হয়েছে।

তবে নিহতের বড় ভাই ও মামলার বাদী গোপীনাথ চক্রবর্তী পুলিশের ব্যাখ্যা নিয়ে প্রশ্ন তুলেছেন। তাঁর দাবি, চারজনকে হত্যার পেছনে আরও কেউ জড়িত থাকতে পারেন। তিনি সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন।