শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী আশা প্রকাশ করেছেন, আগামী শনিবার থেকে দেশের সব কারখানা উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে চালু হবে। এ বিষয়ে প্রধানমন্ত্রীও নির্দেশনা দিয়েছেন বলে জানিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে শ্রম ভবনে গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন মন্ত্রী।
তিনি বলেন, শ্রমিকদের সমস্যা আলোচনার মাধ্যমে সমাধান করা উচিত। শ্রমিকদের যেমন কথা বলার অধিকার রয়েছে, তেমনি সরকারের দায়িত্ব তাদের কথা শোনা। সরকারের সামর্থ্য অনুযায়ী সমস্যাগুলো সমাধানের চেষ্টা করা হবে।
মন্ত্রী জানান, অল্প সময়ের মধ্যে মজুরি বোর্ড গঠন ও সিদ্ধান্ত গ্রহণ সম্ভব হয়েছে শ্রমিকনেতা এবং মালিকপক্ষের সহযোগিতায়। শ্রমিকদের ন্যায্য দাবির বিষয়ে মালিকপক্ষ বিরোধিতা করেনি; বরং আলোচনার মাধ্যমে সমাধানের পরিবেশ তৈরিতে ভূমিকা রেখেছে।
তিনি আরও বলেন, বিভিন্ন সময়ে কিছু ইস্যু ও নেতৃত্বের শূন্যতা তৈরি হলেও অধিকাংশ শ্রমিক সংগঠনের নেতারা মজুরি বোর্ড গঠনের প্রক্রিয়ায় রাত পর্যন্ত সম্মিলিতভাবে সহযোগিতা করেছেন। এ জন্য সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।
