ভারতের পশ্চিমবঙ্গের এক মন্ত্রীর ১৬ ডিসেম্বর বাংলাদেশ দখলের বক্তব্যের প্রতিবাদ জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, ৩০ লাখ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশের মানুষ প্রস্তুত।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, বাংলাদেশের মানুষ কি বসে বসে আমলকী চুষবে? ১৬ ডিসেম্বর ঢাকা দখলের হুমকি দেওয়া হলে দেশের মানুষ নিশ্চুপ থাকবে না। স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সবাই ঐক্যবদ্ধ।
তিনি আরও বলেন, একজন মন্ত্রী পর্যায়ের ব্যক্তির কাছ থেকে এ ধরনের বক্তব্য গ্রহণযোগ্য নয়। বাংলাদেশের এক ইঞ্চি ভূখণ্ডেও অন্য দেশের হস্তক্ষেপ মেনে নেওয়া হবে না।
সংবাদ সম্মেলনে রিজভী দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়েও বক্তব্য দেন। তিনি অভিযোগ করেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অবশিষ্টাংশ অগ্নিসংযোগ ও হামলার মাধ্যমে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে।
এর আগে পশ্চিমবঙ্গের মন্ত্রী অর্জুন সিংয়ের বাংলাদেশ দখলসংক্রান্ত বক্তব্য ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত হয়। এ নিয়ে দুই দেশের রাজনৈতিক অঙ্গনে আলোচনা-সমালোচনা চলছে।
