ফরিদপুরের ভাঙ্গায় পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার মামলায় সুমন হাওলাদার (২৪) নামে এক যুবককে সাত বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে ফরিদপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক জেলা ও দায়রা জজ শামীমা পারভীন এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। পরে তাকে কারাগারে পাঠানো হয়।
মামলার নথি সূত্রে জানা যায়, ২০২৪ সালের ২৬ জুন বিকেলে শিশুটির মা ইউনিয়ন পরিষদে গেলে সে বাড়িতে একা ছিল। এ সময় প্রতিবেশী সুমন বাড়িতে প্রবেশ করে শিশুটিকে ধর্ষণের চেষ্টা করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়। শিশুটির মা বাড়ি ফিরে কান্নার শব্দ শুনে ঘরে গেলে অভিযুক্ত ব্যক্তি খাটের নিচে লুকান। পরে পালিয়ে যান।
পরদিন শিশুটির মা ভাঙ্গা থানায় মামলা করেন। তদন্ত শেষে পুলিশ আদালতে অভিযোগপত্র দেয়। সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনা করে আদালত আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় এ সাজা দেন।
রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট গোলাম রব্বানী ভূঁইয়া রতন।
