কোনো প্রাণীর প্রতি নিষ্ঠুর আচরণ না করা এবং তাদের কষ্ট দেওয়া থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, প্রাণীর যত্ন নিতে না পারলেও অন্তত তাদের ক্ষতি করা উচিত নয়।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে রাজধানীর শেরেবাংলা নগরের পুরোনো বাণিজ্য মেলার মাঠে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, আশপাশে অনেক সময় মানুষ অকারণে বিভিন্ন প্রাণীকে নির্যাতন করে। এ ধরনের আচরণ কোনোভাবেই কাম্য নয়। প্রতিটি প্রাণীর প্রতি মানুষের দায়িত্বশীল ও সহানুভূতিশীল হওয়া প্রয়োজন।
তিনি আরও বলেন, পরিবারের শিশু-কিশোরদের ছোটবেলা থেকেই জীবজন্তুর প্রতি মমত্ববোধ ও সহমর্মিতার শিক্ষা দিতে হবে। তাদের বোঝাতে হবে, প্রতিটি প্রাণীরই বেঁচে থাকার অধিকার রয়েছে।
তারেক রহমানের মতে, ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে প্রাণীর প্রতি ভালোবাসা ও দায়িত্ববোধ তৈরি করা গেলে মানুষ, জীবজন্তু ও প্রকৃতির সহাবস্থান নিশ্চিত করা সম্ভব হবে।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬-এর আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন।
