ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩

শীতার্তদের জন্য সরকারের বড় উদ্যোগ, কম্বল কিনতে ব্যয় হবে ৪৬ কোটি টাকা

শীতার্তদের জন্য সরকারের বড় উদ্যোগ, কম্বল কিনতে ব্যয় হবে ৪৬ কোটি টাকা

শীতার্ত, অসহায় ও দুর্যোগকবলিত মানুষের মধ্যে বিতরণের জন্য ৪৬ কোটি ৬৬ লাখ ৪৯ হাজার ২৬৮ টাকার কম্বল কেনার উদ্যোগ নিয়েছে সরকার। ২০২৬-২৭ অর্থবছরের মানবিক সহায়তা কর্মসূচির আওতায় বাংলাদেশ তাঁত বোর্ডের মাধ্যমে সরাসরি ক্রয় পদ্ধতিতে এসব কম্বল কেনা হবে।

বুধবার (২৫ নভেম্বর) অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ প্রস্তাবে নীতিগত অনুমোদন দেওয়া হয়। বৃহস্পতিবার অর্থ মন্ত্রণালয় এ তথ্য জানায়।

চলতি অর্থবছরে কম্বল কেনার জন্য মোট ৫৭ কোটি ২০ লাখ টাকা বরাদ্দ রয়েছে। এর মধ্যে ১০ কোটি ৫৩ লাখ ৫০ হাজার ৭৩২ টাকার কম্বল কেনার প্রস্তাব আগে অনুমোদিত হয়েছে। অবশিষ্ট অর্থ দিয়ে নতুন করে কম্বল কেনার উদ্যোগ নেওয়া হয়েছে।

প্রস্তাবে বলা হয়েছে, উন্মুক্ত দরপত্রের মাধ্যমে কম্বল কিনতে বেশি সময় লাগতে পারে। এতে শীত মৌসুমে সময়মতো বিতরণ ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। বিশেষ করে আগামী ডিসেম্বর থেকে উত্তরাঞ্চলের ১৬ জেলায় শীতের প্রকোপ বাড়তে পারে।

দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর এ কার্যক্রম বাস্তবায়ন করবে। কম্বল কেনার অর্থ সরকারের নিজস্ব তহবিল থেকে দেওয়া হবে।