ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩

ভোরে কুষ্টিয়া কারাগারের ফটকে ককটেল বিস্ফোরণ, সিসিটিভিতে খুঁজছে পুলিশ

ভোরে কুষ্টিয়া কারাগারের ফটকে ককটেল বিস্ফোরণ, সিসিটিভিতে খুঁজছে পুলিশ

কুষ্টিয়া জেলা কারাগারের প্রধান ফটক লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ভোরে এ বিস্ফোরণের ঘটনায় আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে এতে কেউ হতাহত বা কোনো ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি।

কারা কর্তৃপক্ষ ও স্থানীয় সূত্র জানায়, ভোর ৫টা ৪৮ মিনিটের দিকে একটি মোটরসাইকেলে আসা তিন ব্যক্তি কারাগারের সামনে থেকে প্রধান ফটক লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করে। বিস্ফোরণের পর তারা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

কুষ্টিয়া জেলা কারাগারের জেল সুপার শরিফুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ককটেল বিস্ফোরণে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। ঘটনার পর কারাগারের নিরাপত্তা জোরদার করা হয়েছে।

কুষ্টিয়া মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন জানান, ঘটনার পর আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হয়েছে। সেগুলো পর্যালোচনা করে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।

পুলিশ জানিয়েছে, ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করা গেলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তবে এখন পর্যন্ত কাউকে আটক করার তথ্য পাওয়া যায়নি।