ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩

ডিসেম্বর ঘিরে পুলিশের বড় প্রস্তুতি, নাশকতার অভিযোগে আটক ৪ কর্মকর্তা

ডিসেম্বর ঘিরে পুলিশের বড় প্রস্তুতি, নাশকতার অভিযোগে আটক ৪ কর্মকর্তা

ডিসেম্বর মাসকে সামনে রেখে সম্ভাব্য নাশকতা ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড প্রতিরোধে সারাদেশে নিরাপত্তা জোরদার করেছে পুলিশ। একই সঙ্গে বাহিনীর অভ্যন্তরে সন্দেহভাজন সদস্যদের কর্মকাণ্ডও নজরদারিতে রাখা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) পুলিশ সদর দপ্তরের মুখপাত্র এআইজি (মিডিয়া) কামারুম মুনিরা সাংবাদিকদের এসব তথ্য জানান।

তিনি বলেন, ডিসেম্বর ঘিরে যেকোনো ধরনের নাশকতা প্রতিরোধে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। নিষিদ্ধ সংগঠনের ঘোষিত রাজনৈতিক কর্মসূচি বাস্তবায়ন করতে দেওয়া হবে না। এ ধরনের কর্মসূচি ঘিরে আইনশৃঙ্খলা বাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড ও নাশকতায় সংশ্লিষ্টতার অভিযোগে চার পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তার ও আটকের ব্যবস্থা নেওয়া হয়েছে। তারা হলেন পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর আলম, অতিরিক্ত পুলিশ সুপার আবুল হাসান, পুলিশ সুপার মো. আবুল কালাম আজাদ এবং অতিরিক্ত পুলিশ সুপার মো. রাকিবুল হাসান।

পুলিশ সদর দপ্তর সূত্রে জানা গেছে, ডিসেম্বরজুড়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মাঠপর্যায়ের সদস্যদের সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। সীমান্তবর্তী এলাকা, গুরুত্বপূর্ণ স্থাপনা, থানা ও পুলিশ সদস্যদের নিরাপত্তায়ও বাড়তি নজরদারি চালানো হচ্ছে।