আসন্ন রমজানে ফলের সরবরাহ স্বাভাবিক ও দাম সহনীয় রাখতে খেজুর, আপেল ও কমলা আমদানিতে শুল্ক-কর ছাড় দিয়েছে সরকার। এর মধ্যে আগামী বছরের ১০ মার্চ পর্যন্ত খেজুর আমদানিতে অতিরিক্ত শুল্ক অব্যাহতি দেওয়া হয়েছে।
সোমবার (২৩ নভেম্বর) অর্থ মন্ত্রণালয় এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। এতে তাজা ও শুকনো—উভয় ধরনের খেজুরের ওপর পাঁচ শতাংশের বেশি অতিরিক্ত শুল্ক ছাড় দেওয়া হয়েছে।
এই সুবিধার আওতায় রয়েছে এইচএস কোড ০৮.০৪-এর চার ধরনের খেজুর। এর মধ্যে আড়াই কেজি পর্যন্ত প্যাকেট বা কৌটায় মোড়ানো তাজা ও শুকনো খেজুর এবং অন্যান্য তাজা ও শুকনো খেজুর অন্তর্ভুক্ত।
অন্যদিকে, ২০২৭ সালের ২৪ জানুয়ারি থেকে ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত আপেল ও কমলা আমদানিতে পাঁচ শতাংশের বেশি নিয়ন্ত্রণমূলক শুল্ক, মূল্য সংযোজন কর (মূসক), ২০ শতাংশের বেশি সম্পূরক শুল্ক ও অগ্রিম কর অব্যাহতি দেওয়া হবে।
জনস্বার্থে নেওয়া এ সিদ্ধান্ত তাৎক্ষণিকভাবে কার্যকর হয়েছে। অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব আহসান হাবিব স্বাক্ষরিত প্রজ্ঞাপনটি জাতীয় রাজস্ব বোর্ডের সঙ্গে পরামর্শক্রমে জারি করা হয়েছে।
